২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাণহানি ছাড়া ভোটের কৃতিত্ব আইনশৃঙ্খলা বাহিনীর: প্রধানমন্ত্রী

কোনো প্রাণহানি ছাড়াই ঢাকা ও চট্টগ্রামের তিন সিটি করপোরেশনের ভোট হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংস্থাগুলোকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2015, 07:14 PM

Updated : 12 Oct 2022, 03:39 PM

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শনের শুরুতেই ঊর্ধ্বতন কর্মকর্তা ও বাহিনীগুলোর প্রধানদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, “বাংলাদেশের ইতিহাসে একটাও প্রাণহানি না হয়ে একটা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী সব সংস্থা চমৎকার ভূমিকা রেখেছেন।

“যে যত কথাই বলুক। বাংলাদেশে বহু নির্বাচন তো আমরা দেখেছি। এবারই প্রথম কোনো ক্যাজুয়েলটি ছাড়া একটা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই ক্রেডিটটা আপনাদেরই। সেজন্য আপনাদের অভিনন্দন জানাই।”

সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো সফলতার প্রমাণ দিয়ে চলেছে বলেও মনে করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন করা। জঙ্গিবাদ তো দুই ধরনের-একটি প্রফেশনাল জঙ্গিবাদ। আর আরেকটি ২০ দলীয় জোটের জ্বালাও-পোড়াও আর সন্ত্রাসী জঙ্গিবাদ। এটা মোকাবেলা করতে হবে। আপনারা সফলভাবে মোকাবেলা করেছেন।”

বিএনপি-জামায়াত জোটের অবরোধে নাশকতায় প্রাণহানিসহ ক্ষয়ক্ষতি প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, “দীর্ঘ দিন আন্দোলন করে কিছুই করতে পারেনি। চরমভাবে ব্যর্থ হয়েছে। কিছুই করতে পারে নাই। আগামীতে যেন না পারে- মানুষের ক্ষতি যেন করতে না পারে, মানুষকে পুড়িয়ে যেন মারতে না পারে।”

জঙ্গিবাদী তৎপরতা শুরুতেই বিনাশ করতে তড়িৎ ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “জঙ্গিবাদী কর্মকাণ্ড যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।”

রাজনৈতিক কর্মকাণ্ডের নামে অগ্নিসংযোগের মতো ঘটনা যেন আগামীতে আর না ঘটে সেজন্য ব্যবস্থা নেওয়ার কথা বলে সরকার প্রধান বলেন, “আগুন সন্ত্রাসকে নিয়ন্ত্রণে আপনারা যথাযথ ব্যবস্থা নেবেন।”

শেখ হাসিনা বলেন, “আমি এই আন্দোলন জীবনে দেখি নাই। যিনি আন্দোলন করবেন, তিনি ঘরে অবরুদ্ধ থেকে শুধু জ্বালাও-পোড়াও, মানুষ খুন করা, মানুষকে পুড়িয়ে মারা- এটা কখনো আমরা দেখিনি। কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠী যদি জীবন্ত মানুষকে পুড়িয়ে মারে-এর থেকে জঘন্য কাজ আর কিছু হতে পারে না।”

রাজনৈতিক কর্মসূচির নামে গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে মানুষ হত্যার জন্য দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করে শেখ হাসিনা বলেন, “যেখানে যেখানে যারা এ ধরনের কাজের সাথে লিপ্ত, তাদের আইনের আওতায় আনতেই হবে। এদের শাস্তির বিধান করতেই হবে। যাতে ভবিষ্যতে কোনো দিন এই সাহস না পায়।

“এই বিষয়টা কঠোরভাবে দেখতে হবে। এই অপরাধের সাথে যারা জড়িত তাদের ক্ষমা নেই। তাদের শাস্তি পেতেই হবে। কারণ, এই শাস্তি দিতে না পারলে এটা নিয়ন্ত্রণ করা যাবে না।”

সভায় উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর প্রধানদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, “বিগত ৯২ দিন, বাংলাদেশের মানুষের ওপর যে জুলুম, অত্যাচার গেল- সেই সময় প্রত্যেকটা ডিপার্টমেন্টকে যেখানে যেটুকু দায়িত্ব দেওয়া হয়েছে, অত্যন্ত নিষ্ঠার সাথে সে দায়িত্ব পালন করে জনগণের জানমালের নিরাপত্তা দিয়েছেন।

“আপনারা দায়িত্ব পালন করেছেন বলেই বাংলাদেশকে একটা অস্বাভাবিক পথে নিতে পারে নাই। গণতান্ত্রিক ধারাবাহিকতায় বাংলাদেশ আবার ফিরে এসেছে।”

‘স্পর্শকাতর’ মামলাগুলো দ্রুত শেষ করার কথাও বলেন প্রধানমন্ত্রী।

মাদক, চোরাচালান, শিশু ও নারী পাচার সমস্যার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “চোরাচালান, মাদক আর নারী ও শিশু পাচার নিয়ন্ত্রণ- এটা কোনো একক দেশ একা পারবে না। এজন্য দরকার আমাদের প্রতিবেশী দেশগুলোর সাথে যোগাযোগ রাখা, তথ্য আদান প্রদান করা এবং সহযোগিতা নেওয়া। এটা করতে পারলে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো।”

এজন্য জনসচেতনতা তৈরির উপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।

পুলিশে নতুন সদস্য নিয়োগের প্রক্রিয়া দ্রুত করার তাগিদ দেন তিনি।

“আমি জানি, আমাদের জনসংখ্যার তুলনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যা কিন্তু খুবই কম। অতিরিক্ত শ্রম দিতে হয়। আরো ৫০ হাজার পুলিশ নিয়োগ দেব। সেই কাজগুলো যেন দ্রুত হয়- সে বিষয়ে আপনাদের আরো উদ্যোগ নিতে হবে।”

ভৌগলিক দিক থেকে বাংলাদেশের অবস্থানের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের দেশে শান্তিপূর্ণ পরিবেশ রাখা, আর এই গুরুত্বটাকে অনুধাবন করেই আমরা যেন আমাদের দেশের কার্যক্রম চালাতে পারি।

“এজন্য বাংলাদেশের আইনশৃঙ্খলা, নিরাপত্তা, সবকিছুর দিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বের কাছে উজ্জ্বল হতে হবে।”

বিভিন্ন জেলা ও উপজেলায় পুলিশ ফাড়িগুলো দ্রুত নির্মাণের উপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “যারা ডিউটি করবে, ডিউটি শেষে তাদের একটু বিশ্রাম নেওয়া। আমাদের অস্ত্রাগারগুলো নিরাপদ থাকা। সেখানে একটা পরিবেশ সেভাবে সৃষ্টি করা।

“যারা নিরাপত্তা দেবে, তাদের নিরাপত্তাটা তো নিশ্চিত করতে হবে। যারা দায়িত্ব পালন করবে, তারা যেন কাজের শেষে বিশ্রাম নিতে পারে- সে বিষয়গুলো দেখতে হবে।”

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যানবাহন স্বল্পতার সমাধানে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

মেশিন রিডেবল পাসপোর্টের (এমআরপি) জন্য দেশের বাইরে আরো মেশিন ও জনবল দেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী।

“একটা জায়গায় আমরা পিছিয়ে আছি। সেটা হচ্ছে, এম্আরপি। ইংল্যান্ড, ইতালি ও মধ্যপ্রাচ্যে নতুন মেশিন এবং জনবল দিতে হবে,” বলেন তিনি।

কোস্ট গার্ডকে সক্রিয় করতে ইতালি থেকে চারটা নতুন জাহাজ আসছে বলেও জানান প্রধানমন্ত্রী।

টুরিস্ট পুলিশের প্রশিক্ষণের উপরও গুরুত্বারোপ করেন তিনি।