কক্সবাজারে গুলিতে যুবক নিহত
কক্সবাজারের পেকুয়ায় সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার।
পেকুয়া থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শহীদুল্লাহ জানান, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উত্তর মেহেরনামা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফরহাদ আহমদ (২৬) সদর ইউনিয়নের উত্তর মেহেরনামা এলাকার ইউনুস আহমদের ছেলে।
নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ পরিদর্শক বলেন, বসতবাড়ির সীমানা নিয়ে ফরহাদ ও তার চাচাত ভাই ছালেহ আহমদ ছোটনের পরিবারের বিরোধ চলে আসছিল।
এর জের ধরে ছোটনের নেতৃত্বে প্রতিপক্ষের লোকজন ফরহাদকে গুলি করে পালিয়ে যায়।
গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ কর্মকর্তা শহীদুল্লাহ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার ঘটনায় সন্দেহভাজনদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।
