২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৩

অপহরণের একদিন পর সাভারের আশুলিয়া থেকে এক ব্যবসায়ীকে উদ্ধার করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2015, 09:08 PM

Updated : 22 Aug 2022, 12:13 PM

বুধবার এ অভিযানে অপহরণকারী সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

উদ্ধার আমির হোসেন (৩২) আশুলিয়ার মধ্য গাজিরচট এলাকার বাসিন্দা আসকর আলীর ছেলে।

ঢাকা জেলা (উওর) গোয়েন্দা পুলিশের এসআই  মীর শাহিন শাহ পারভেজ জানান, মঙ্গলবার রাতে ওই ব্যবসায়ীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেয়ে আশুলিয়াসহ আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।  

বুধবার সকাল সাড়ে ১১টার দিকে পলাশবাড়ীর বাতানটেক মহল্লার কাজিমুদ্দিনের নির্মাণাধীন বাড়ির দ্বিতীয় তলায় একটি কক্ষ থেকে অপহৃত ব্যবসায়ীকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন হাসানুজ্জামান ওরফে সজিব (২০), রাসেল হোসেন (২৩) ও আল আমিন হোসেন (১৮)।

এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান এসআই  মীর শাহিন।

অপহৃতের পরিবারের বরাত দিয়ে ঢাকা জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার রাসেল শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার আশুলিয়ার বাইপাইল থেকে আমির হোসেনকে অপহরণ করা হয়।

বিকালে তার স্ত্রী ইয়াসমিন আক্তারকে ফোন করে  ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।

এ ঘটনার পর ইয়াসমিন আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করলে জেলা গোয়েন্দা পুলিশ অভিযান শুরু করে বলে জানান এএসপি রাসেল শেখ।

ব্যবসায়ী আমির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার সকাল ১০টার দিকে গাজীরচট এলাকা থেকে নবীনগর যাওয়ার পথে বাইপাইল এলাকায় একটি মাইক্রোবাস তার গতিরোধ করে।

তিনি কিছু বুঝে ওঠার আগে ৮/১০ জন যুবক অস্ত্র ঠেকিয়ে গাড়িতে তুলে তার হাত-পা, মুখ-চোখ বেঁধে নিয়ে যায়। পরে একটি কক্ষের ভিতর নিয়ে চোখের বাঁধন খুলে দেয়। এরপর ফোনে পরিবারের কাছে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা।