২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৫ মের মধ্যে এমপিওভুক্তির দাবি ঐক্যজোটের

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১ লাখ ১৫ হাজার শিক্ষক-কর্মচারীকে এমপিওর আওতায় আনার দাবি জানিয়েছে ‘নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ঐক্যজোট’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2015, 06:11 PM

Updated : 22 Aug 2022, 12:12 PM

সংগঠনের সভাপতি মো. এশারত আলী সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ১৫ মের মধ্যে তাদের এমপিওভুক্তির দাবি জানান।

তা না হলে ‘কঠোর আন্দালন কর্মসূচির’ হুমকি দেন এই শিক্ষক নেতা; যার নেতৃত্বে এর আগেও কয়েক শ’ শিক্ষক-কর্মচারী রাজপথে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন।

এক যুগেরও বেশি সময় ধরে এমপিও’র দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন সরকারের অনুমোদন পেয়েও এমপিও না-পাওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক-কর্মচারীরা। বিভিন্ন সময়ে পুলিশি বাধার মুখেও পড়তে হয়েছে তাদের।

এশারত জানান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এই ১ লাখ ১৫ হাজার শিক্ষক-কর্মচারীর তত্ত্বাবধানে প্রায় ১৫ লাখ শিক্ষার্থী পড়ালেখা করছে।

তিনি বলেন, “আগামী ১৫ মের মধ্যে সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্তির দাবি জানাচ্ছি। অন্যথায় কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।”

চাকরিতে যোগ দেওয়ার দিন থেকে বয়সকাল গণনা করে শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তির দাবি জানান এশারত আলী।

অন্যদের মধ্যে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. আবুল কালাম আজাদ, যুগ্ম-সম্পাদক মাসুম আলম এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।