২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় সাড়ে ৩ লাখ টাকা ছিনতাই

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের দুই কর্মীকে আহত করে সাড়ে ৩ লাক টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2015, 04:39 PM

Updated : 22 Aug 2022, 12:12 PM

সোমবার সকালে উপজেলা শহরের পল্লী বিদ্যুৎ জোনাল অফিস এলাকায় এ ঘটনায় পুলিশ দুই জনকে আটক করেছে।

প্রত্যক্ষদর্শী আতোয়ার রহমান ও হামলার শিকার আকিজ কোম্পানির কর্মচারী আসাদুজ্জামান পালাশ জানান, সকাল সোয়া ১০টার দিকে পৌর শহরের আকিজ কোম্পানির আঞ্চলিক অফিসের টেরিটরি অফিসার ফখরুল হাসান ও ডাইরেক্টর ইনচার্জ আসাদুজ্জামান পলাশ সাড়ে তিন লাখেরও বেশি টাকা ব্যাংকে জমা দিতে মোটরসাইকেলযোগে ইসলামী ব্যাংকে যাচ্ছিলেন।

পথে পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের কাছে আতোয়ারের দোকানের সামনে পৌঁছলে ওঁৎ পেতে থাকা ৪/৫ সদস্যের ছিনতাইকারী দল রাস্তায় বেঞ্চ ফেলে তাদের আটকায়।

এ সময় ফখরুল ও পলাশ পড়ে গেলে ছিনতাইকারীরা দুইটি হাতবোমা সদৃশ বস্তু ছুড়ে মারে এবং ধারালো অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে জখম করে।

এরপর তাদের পিস্তল ঠেকিয়ে জিম্মি করে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায় বলে জানান তারা।

প্রত্যক্ষদর্শী দোকানদার আতোয়ার রহমান আরো জানান, দুইটি মোটরসাইকেলে আসা ৪/৫ জন লোক তার দোকানের সামনে ঘটনার কিছু সময় আগে সিগারেট টানছিল। তারাই পরে ছিনতাইয়ে অংশ নেয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আসাদুজ্জামান পলাশ বলেন, তাদের এই অফিসে ৩০/৩৫ জন স্টাফ রয়েছেন। তাদের মধ্যে অনেকেই জানেন যে, আজ এ সময় ব্যাংকে টাকা জমা রাখা হবে।

তবে কেউ এই ছিনতাইয়ের সঙ্গে জড়িত কি না তা বলা যাচ্ছে না বলে জানান তিনি।

সুন্দরগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বাবু ও দিনার নামে দুই জনকে আটক করেছে পুলিশ। ছিনতাইকারীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।