২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাশকতার অভিযোগে রাবি শিবিরের ৩ নেতাকর্মী গ্রেপ্তার

নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে রাজশাহী মহানগর থেকে ইসলামী ছাত্র শিবিরের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2015, 07:28 PM

Updated : 12 Oct 2022, 03:38 PM

এরা হলেন- শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন এবং কার্যনির্বাহী কমিটির সদস্য শেখ কবির ও আবু সুফিয়ান।

শুক্রবার গভীর রাতে নগরীর বালিয়াপুকুর এলাকার একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে সাংগঠনিক বইসহ বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়।

শনিবার দুপুরে মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে ওই তিনজনকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।

সংবাদ সম্মেলনে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি) ইফতেখায়ের আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াপুকুরের একটি বাড়িতে অভিযান চালিয়ে জিহাদি বইসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে।

“সম্প্রতি নগরীতে বিভিন্ন নাশকতার ঘটনায় এর আগে তারা গ্রেপ্তার হলেও জামিনে বের হয়। তারা আবারও নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর পরিকল্পনা করে দলের কর্মীদের সংগঠিত করার কাজ করছিল।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, জিজ্ঞাসাবাদ শেষে নাশকতার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তাদেরকে শনিবার বিকালে জেলহাজতে পাঠনো হয়েছে।

এদিকে রাবি শাখা শিবির সভাপতি শোয়েব শাহরিয়ার ও সেক্রেটারি হাসান তারিক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে শিবির নেতা আব্দুল্লাহ আল মামুনসহ তিন নেতাকর্মীকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে তাদের মুক্তি দাবি করেছে।