নরসিংদীতে ট্রাকের ধাক্কায় স্কুল শিক্ষক নিহত
নরসিংদী সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক শিক্ষক।
নিহত তোফাজ্জল হোসেন শামীম (৩৭) উপজেলার রহিমদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
নরসিংদী সদর মডেল থানার ওসি আবুল কাসেম জানান, শনিবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার বাগহাটা পালবাড়ি এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে ।
আহত চৌধুরী আমির ইফতেখার জুয়েল (৪০) উপজেলার কাঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তাকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ কর্মকর্তা কাসেম বলেন, শহরের ভেলানগর এলাকার বাসা থেকে মোটরসাইকেল করে দুই শিক্ষক নিজ নিজ কর্মস্থলে যাচ্ছিলেন। পথে বাগহাটা পালবাড়ি এলাকায় বিপরীতমুখী একটি বালিবোঝাই ট্রাক ধাক্কা দিলে মোটরসাইকেলসহ তারা রাস্তার পাশের খাদে পড়ে যান।
এতে ঘটনাস্থলেই শামীম নিহত ও জুয়েল গুরুতর আহত হন।
স্থানীয়রা জুয়েলকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায় বলে জানান তিনি।
