সুনামগঞ্জে বজ্রপাতে নিহত ৪
সুনামগঞ্জের তিন উপজেলায় কয়েক ঘণ্টার ব্যবধানে বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে।
এর মধ্যে দুজন দিরাই উপজেলার, বাকিদের একজন তাহিরপুরের এবং অন্যজন মধ্যনগর উপজেলার।
শনিবার দুপুরে বজ্রপাতে এ মৃত্যুর ঘটনা ঘটে বলে তিন থানার পুলিশ কর্মকর্তারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন।
দিরাইয়ে নিহত দুজন হলেন- ভাটিপাড়া ইউনিয়নের ঊর্ধাপাড়া গ্রামের আব্দুল কাদির (২০) ও সরমঙ্গল ইউনিয়নের মাহতাবপুর গ্রামের হরিভক্ত দাস (৪০)।
হাওরে ধান কাটার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে জানান দিরাই থানার ওসি সায়েস আলম।
মধ্যনগরে নিহত আব্দুল জলিল (৫০) একইভাবে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে মারা যান। তিনি সদর ইউনিয়নের শিবরামপু গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে।
তাহিরপুরে নিহত রাশেদা বেগম (৪০) উপজেলার বাদাঘাট ইউনিয়নের কোপাড়া গ্রামের আব্দুল বাছেরের স্ত্রী।
তাহিরপুর থানার ওসি শহিদ উল্লাহ জানান, বাড়ির আঙিনায় কাজ করার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়।
গত ১৮ এপ্রিলও সুনামগঞ্জে বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছিল।
