২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইংরেজি বিজ্ঞাপন কোন আইনে, জবাব চেয়েছে হাই কোর্ট

বাংলাদেশে কোন আইনের সুযোগে সাইনবোর্ড, বিলবোর্ড ও ইলেকট্রনিক গণমাধ্যমে ইংরেজি ভাষায় অথবা ‘বিদেশি উচ্চারণের বাংলা ভাষায়’ বিদেশে নির্মিত বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে তা আদালতে উপস্থাপন করতে বলেছে হাই কোর্ট।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2015, 07:36 PM

Updated : 25 Apr 2022, 01:18 PM

মন্ত্রিপরিষদ সচিব ও তথ্য সচিবকে আগামী ২৭ মে এ বিষয়ে জবাব দিতে হবে।

একটি রিট আবেদনে দেওয়া রুলের শুনানি করতে গিয়ে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাই কোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেয়।

আদালত বলেছে, বিজ্ঞাপন বা প্রচারে যেসব ক্ষেত্রে ইংরেজি ব্যবহার প্রয়োজন, সেখানে বাংলার পাশাপাশি সীমিত পরিসরে ইংরেজি ব্যবহার করা যেতে পারে।

আদেশে বলা হয়, “ইলেকট্রনিক মিডিয়াতে বিদেশ হতে নির্মিত বিজ্ঞাপনচিত্র বিদেশি উচ্চারণে বাংলা ভাষায় প্রচার লক্ষ্য করা যাচ্ছে। এ ক্ষেত্রে কোনো আইন থাকলে তা আদালতের কাছে উপস্থাপন করে জবাব দিতে বলা হল।”  

সব ক্ষেত্রে বাংলা ভাষা প্রচলনের নির্দেশনা চেয়ে গত বছর ফেব্রুয়ারিতে হাই কোর্টে একটি রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।

তাতে বলা হয়, সংবিধানের ৩ অনুচ্ছেদ এবং বাংলা ভাষা প্রচলন আইন, ১৯৮৭-এর ৩ ধারা অনুসারে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে (বিদেশের সঙ্গে যোগাযোগ ছাড়া) চিঠিপত্র, আইন-আদালতের সাওয়াল-জবাব এবং অন্যান্য কাজ বাংলা ভাষায় হওয়ার কথা থাকলেও আইনটি অনুসরণ করা হচ্ছে না।

ওই রিট আবেদনের প্রাথমিক শুনানি করে গত বছরের ১৭ ফেব্রুয়ারি হাই কোর্ট রুল ও অন্তর্বর্তীকালীন আদেশ দেয়।

হাই কোর্টের ওই আদেশে বলা হয়, দেশের সব সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানার, গাড়ির নম্বর প্লেট, সরকারি দপ্তরের নামফলক (দূতাবাস, বিদেশি সংস্থা ও সংশ্লিষ্ট ক্ষেত্র ছাড়া) এবং গণমাধ্যমে ইংরেজি বিজ্ঞাপন ও মিশ্র ভাষার ব্যবহার বন্ধ করতে এক মাসের মধ্যে ব্যবস্থা নিতে হবে।

আর সব ক্ষেত্রে বাংলা ভাষা চালুর উদ্দেশ্যে অবিলম্বে কেন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়।

ওই রুলের ধারাবাহিকতায় বৃহস্পতিবার শুনানিতে আদালতের নতুন এই আদেশ আসে। 

আদালত বলেছে, এক বছর পেরিয়ে গেলেও আগের আদেশ বাস্তবায়নে দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না।...রুল ও আদেশ জারির পরও ইলেকট্রনিক গণমাধ্যমে কার্যত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বরং ইংরেজিতে বিজ্ঞাপন প্রচারের ‘আধিক্য’ দেখা যায়।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যার্টনি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

আদেশের পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ইলেকট্রনিক মিডিয়াতে বিদেশ থেকে নির্মিত বিজ্ঞাপনচিত্র বিদেশি উচ্চারণে বাংলা ভাষায় প্রচারে কোনো আইন থাকলে তা আদালতের কাছে উপস্থাপন করতে বলা হয়েছে।” 

এ ছাড়া আদেশ বাস্তবায়নের সর্বশেষ অবস্থা জানিয়ে ২৭ মে’র মধ্যে মন্ত্রিপরিষদ সচিব ও তথ্য সচিবকে একটি প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে জানান তাপস।