মাগুরা উপ-নির্বাচনে ৮ মনোনয়নপত্র জমা
মাগুরা-১ আসনের উপ-নির্বাচনে আটজন মনোনয়পত্র জমা দিয়েছেন।
আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ, এনপিপি, বিএনএফের মনোনয়ন নিয়ে বৃহস্পতিবার শেষদিনে মাগুরা জেলা নির্বাচন অফিসে আসেন পাঁচজন।
এছাড়া স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দেন তিনজন।
রিটার্নিং কর্মকর্তা ও খুলনা বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান তাদের মনোনয়নপত্র জমা নেন।
জেলা নির্বাচন কর্মকর্তা আহমেদ আলী বিষয়টি নিশ্চিত করেন।
এরা হলেন আওয়ামী লীগের এটিএম আব্দুল ওয়াহহব, জেলা জাতীয় পার্টির (এরশাদ) সাধারণ সম্পাদক হাসান সিরাজ সুজা, জাসদের এটিএম মহব্বত আলী, বিএনএফ-এর জেলা সাধারণ সম্পাদক কে এম মোতাসিম বিল্লাহ রিফাত ও ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান কাজী তৌহিদুল আলম।
স্বতন্ত্ররা হলেন প্রয়াত সংসদ সদস্য এম এস আকবরের ভাতিজা জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য প্রযুক্তি সম্পাদক মাহবুবুল আকবর কল্লোল, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তপন কুমার রায় ও মহাম্মদ নাঈম হাসান, যিনি অরাজনৈতিক সংগঠন জনতার অধিকার-এর চেয়ারম্যান পরিচয় দিয়েছেন।
গত ২০ এপ্রিল এ উপ-নির্বাচনের তফশিল ঘোষিত হয়। মনোনয়নপত্র সংগ্রহ ও জমার শেষ তারিখ ছিল বৃহস্পতিবার (৩০ এপ্রিল)।
মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ আগামী ৪ মে। প্রত্যাহার ১২ মে। ভোট গ্রহণ হবে ৩০ মে।
গত ৯ মার্চ মাগুরা-১ আসন থেকে পর পর চার বার নির্বাচিত সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সিরাজুল আকবরের মৃত্যুতে এ আসনটি শূন্য হয়।
