মুন্সীগঞ্জে অন্তঃসত্ত্বা গৃহবধূ খুন
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় এক অন্তঃসত্ত্বা গৃহবধূর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার উপজেলার বালিগাওঁ গ্রাম থেকে তানিয়ার (২২) লাশ উদ্ধার করা হয়।
এসময় এলাকাবাসী তানিয়ার শাশুড়ি পারুল বেগমকে (৪৫) আটক করে পুলিশে দিয়েছে।
তানিয়া শরীয়তপুর সদর উপজেলার শরীয়তপুর গ্রামের জামাল মিস্ত্রির ছেলে অপুর (২৮) স্ত্রী।
অপু টঙ্গীবাড়ীর বালিগাঁও বাজারে ফার্নিচারের কাজ করেন এবং বাজারের পাশেই একটি ভাড়া বাড়িতে স্ত্রীকে নিয়ে থাকতেন।
টঙ্গীবাড়ী থানার ওসি আব্দুল মালেক জানান, পাঁচ মাস আগে অপুর সঙ্গে বিয়ে হয় তানিয়ার। চারদিন আগে বালিগাঁও গ্রামের ওই বাসায় ওঠেন তারা।
বৃহস্পতিবার সকালে তাদের ঘরের দরজায় তালা ঝুলানো এবং ভেতরে বিছানার উপর তানিয়াকে হাত-পা বাঁধা পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা।
এ সময় তারা তানিয়ার শাশুড়িকে আটক করে এবং পুলিশে খবর দেয়।
রাতে কোনো এক সময় ওই গৃহবধূকে হত্যা করে স্বামী পালিয়ে গেছে বলে ধারণা করছেন ওসি।
