পেট্রোল বোমায় দগ্ধ, অনাহারে-অর্ধাহারে শহিদুলের পরিবার
বিএনপি জোটের অবরোধে পেট্রোল বোমায় দগ্ধ ট্রাক শ্রমিক জয়পুরহাট সদরের শহিদুল ইসলাম (৩৪) পরিবার পরিজন নিয়ে দিন কাটাচ্ছেন অর্ধাহারে-অনাহারে।
একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় বৃদ্ধ বাবা-মা ও স্ত্রী-সন্তান নিয়ে পড়েছেন চরম দুর্ভোগে। শহিদুলের চিকিৎসাও বন্ধ রয়েছে অর্থের অভাবে।
জয়পুরহাট জেলা প্রশাসক এককালীন ১০ হাজার টাকা সহায়তা দিয়েছিলেন। এরপর সরকারি-বেসরকারি কোনো সহায়তা পাননি বলে জানান তিনি।
শহিদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সদর উপজেলার বুলুপাড়া গ্রামের আজগর আলীর ছেলে তিনি। প্রায় ১২ বছর যাবত ট্রাকের কুলি শ্রমিকের কাজ করে জীবিকা চালিয়ে আসছিলেন।
তার বাবাও একই পেশায় ছিলেন। ১২ বছর আগে ট্রাক থেকে বস্তা নামাতে গিয়ে পা মচকে মারাত্মক আহত হন। চিকিৎসার অভাবে আর সুস্থ হয়ে ওঠেননি বৃদ্ধ আজগর। এখন পঙ্গু জীবন কাটাচ্ছেন।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছিলেন শহিদুল। সহায় সম্বল বলতে পৈত্রিক সূত্রে পাওয়া এক শতকের বসত ভিটা।
তার রোজগারে চলে দুই সন্তানের মধ্যে বড় ছেলের স্কুলের লেখাপড়ার খরচ, স্ত্রী-সন্তানদের ভরন-পোষণ, বাবা-মার চিকিৎসা খরচসহ সবকিছু।
গত ৮ এপ্রিল জয়পুরহাট থেকে রড বোঝাই ট্রাকটির সঙ্গে যাচ্ছিলেন শহিদুল।
জেলার শিরট্টি-চানপাড়া সড়কের ভুতগাড়ী এলাকায় পৌঁছলে ২০/২৫ জন জামায়াত-শিবির কর্মী পেরেকগাঁথা বেশ কয়েকটি তক্তা রাস্তায় বিছিয়ে ট্রাকের গতিরোধ করে।
এরপরই ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করলে শহিদুল মারাত্মকভাবে দগ্ধ হন। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করে।
অবস্থার অবনতি হলে পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থন্তান্তর করা হয়।
শহিদুল বলেন, ঘটনার পরদিন জয়পুরহাট জেলা প্রশাসক আব্দুর রহিম তার চিকিৎসা বাবদ ১০ হাজার টাকা দিয়েছিলেন। ধার-দেনা করে তার খরচ হয়েছে প্রায় ৩০ হাজার টাকা।
আরও চিকিৎসার প্রয়োজন হলেও নিরুপায় হয়ে তাকে বাড়ি ফিরে আসতে হয়। তারপর গাছ-গাছালি-লতাপাতাসহ স্থানীয় কবিরাজী চিকিৎসা চললেও নিরাময় হয়নি তার পোড়া শরীরের বিভিন্ন ক্ষতস্থান।
তাই এখনও কাজে ফিরতে পারেননি তিনি।
শহিদুল ইসলামের স্ত্রী তাসলিমা জানান, “প্রতিবেশী সুমি বেগম গতকাল এক কেজি চাল দিয়েছিলেন, তাই দিয়ে বাচ্চাদের খাইয়েছি। আজ আর কিছু নাই, বাচ্চাদের কি খাইতে দিমু।”
কথাগুলো বলে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন।
প্রতিবেশী সুমি বেগম, আব্দুর রউফ রাসেল, আলম মিয়াসহ কয়েকজন শহিদুলের পরিবারের দুর্ভোগের কথা স্বীকার করে জানান, এতদিন পাড়া প্রতিবেশীরা যে যা পেরেছেন সাহায্য করছেন। কিন্তু এভাবে কতদিন চলবে?
জয়পুরহাট জেলা পরিষদ প্রশাসক এস এম সোলায়মান আলী জানান, এ ব্যাপারে শহিদুলের পরিবারের কাছ থেকে কোনো আবেদন পাওয়া যায়নি।
