কারেন্ট জাল বিক্রির অপরাধে দণ্ডিত
নিষিদ্ধ কারেন্ট জাল মজুদ ও বিক্রির অপরাধে বরিশাল সদরে দুই ব্যবসায়ীকে কারাদণ্ড ও এক ব্যবসায়ীকে জরিমানার আদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আ. রব মিয়া বৃহস্পতিবার দুপুরে লাহারহাট বাজারে এ অভিযান চালান।
আ. রব মিয়া জানান, গোপন খবর পেয়ে লাহারহাট বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তিনি।
এ সময় স্থানীয় ব্যবসায়ী সেলিম হাওলাদার, মাহমুদুল হাসান ও হেলাল উদ্দিনের দোকানে তল্লাশি চালিয়ে ৬০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য আট লাখ টাকা।
এ ঘটনায় ব্যবসায়ী সেলিম হাওলাদার ও মাহমুদুল হাসানকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
এছাড়া হেলাল উদ্দিনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জব্দ করা কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে বলে জানান ইউএনও।
