রাজবাড়ীতে প্রতিমা ভাংচুর
রাজবাড়ী সদর উপজেলায় একটি সার্বজনীন কালী মন্দিরে প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে।
বুধবার রাতের কোনো এক সময় চন্দনী ইউনিয়নের আজুগাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আজুগাড়া সার্বজনীন কালী মন্দিরের সাধারণ সম্পাদক অরবিন্দ দাস জানান, রাত সাড়ে ১২টার দিকে তার ছোট ভাই বাজার থেকে বাড়ি ফেরার সময় মন্দিরের শীতলা প্রতিমা ভাঙা দেখতে পেয়ে বিষয়টি জানায়।
তিনি তখনই মন্দিরে এসে প্রতিমা ভাঙা দেখতে পান।
এদিকে প্রতিমা ভাংচুরের খবর পেয়ে রাজবাড়ীর পুলিশ সুপার জিহাদুল কবীর, সহকারী পুলিশ সুপার (সার্কেল) রবিউল ইসলাম, সদর থানার ওসি শহীদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
রাজবাড়ী সদর থানার ওসি শহীদুল ইসলাম বলেন, স্থানীয় হিন্দু সম্প্রদায়ের দুটি পক্ষের বিরোধের জের ধরে অথবা কোনো জীবজন্তু মন্দিরে ঢুকে প্রতিমা ভেঙেছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।
তবে এ ঘটনায় এখনও কোনো মামলা দায়ের হয়নি বলে জানান তিনি।
