২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় বাস খাদে পড়ে নিহত ৪

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় একটি যাত্রীবাহী বাস  নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় কর্মকর্তারা।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2015, 08:32 AM

Updated : 12 Oct 2022, 03:38 PM

উপজেলার নয়মাইল এলাকায় কুষ্টিয়া-পাবনা মহাসড়কে বৃহস্পতিবার ভোররাতে এ দুর্ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ৩০ যাত্রী আহত হয়েছেন।

মিরপুর থানার ওসি কাজী জালাল উদ্দিন জানান,  জয়পুরহাট জেলার আক্কেলপুর থানা এলাকার একদল লোক ফরিদপুরের সদরপুর উপজেলার আটরশির ‘বিশ্ব জাকের মঞ্জিলে’ যাওয়ার উদ্দেশ্যে রাতে একটি বাসে চড়ে যাত্রা করেছিলেন।

রাত ৩টার দিকে মিরপুরের নয়মাইল কাচারী নামক স্থানে হঠাৎ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের  খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন।

নিহতদের মধ্যে জাকের পার্টির আক্কেলপুর থানার সভাপতি আলম মণ্ডল (৫৫) রয়েছেন। তার বাড়ি আক্কেলপুর থানার কেশরপুর গ্রামে।

একই গ্রামের জাহিদুল ইসলাম (৪০), আক্কেলপুরের নূরে আলম সিদ্দিক (৫৫) ও বাস চালক পারভেজ (৩৪) নিহত হয়েছেন।

আহত অন্তত ৩০ জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাদের মধ্যে আব্দুর রশিদ, নাছিমা, আবু বক্কর, ছানোয়ার, বেনু, কালাম, হামিদ, হেলাল, পারুল, শহিদুল, জাভেদ, আছমা, জোসনা, আব্দুল মজিদ, আব্দুস ছাত্তার ও আব্দুল হামিদের নাম জানা গেছে।

হতাহতদের সবার বাড়ি জয়পুরহাটের আক্কেলপুর থানা এলাকায়।