২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সহজ হলো সফটওয়্যার আমদানির দায় পরিশোধ

এখন থেকে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়াই সফটওয়্যার আমদানির দায় পরিশোধ করতে পারবে সংশ্লিষ্ট ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2015, 11:34 PM

Updated : 22 Aug 2022, 12:08 PM

এজন্য আমদানিকারক প্রতিষ্ঠানকে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) একটি অনাপত্তি সনদ নিয়ে ব্যাংকে জমা দিতে হবে।

বৃহস্পতিবার এবিষয়ে একটি সার্কুলার জারি করে বৈদেশিক মুদ্রা লেনদেনকারি ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সফটওয়্যার আমদানিকারকদের দাবির প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সম্প্রতি বেসিসের উদ্যোগে গঠিত ই কমার্স এলায়েন্সের উদ্বোধনী অনুষ্ঠানে গভর্নর আতিউর রহমানের কাছে এ দাবি জানায় বেসিসের কর্মকর্তারা। সেখানেই সফটওয়্যার আদমানির দায় পরিশোধ ব্যবস্থা সহজ করার ঘোষণা দেন তিনি।

সার্কুলারে বলা হয়েছে, “বাইরে থেকে সফটওয়্যার কিনে তার মুল্য পরিশোধের জন্য এতদিন কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমোদন নিতে হতো। তবে এখন থেকে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই বৈদেশিক মুদ্রা লেনদেনকারী শাখাগুলো এধরনের দায় পরিশোধ করতে পারবে। তবে সফটওয়্যার আমদানির প্রয়োজনীয়তার বিষয়ে বেসিস থেকে একটি সন্তোষজনক সার্টিফিকেট আমদানিকারকে জমা দিতে হবে।”

তবে সফটওয়্যার আমদানির বিপরীতে অর্থ পরিশোধের ক্ষেত্রে অর্থপাচার ও মানি লন্ডারিং না হওয়ার বিষয়ে ব্যাংকের শাখাকে নিশ্চিত হতে বলা হয়েছে।

সরবরাহকারীর সনদ অনুযায়ী ক্রেতা সন্তোষজনক হওয়ার বিষয়ে নিশ্চিত হয়ে সফটওয়্যারের মূল্য পরিশোধ করতে হবে। আর পুরো বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোকে অবহিত করতে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।