চট্টগ্রাম বিমানবন্দরে ৩ কোটি টাকার সোনা উদ্ধার
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ওমান থেকে আসা দুটি ভিন্ন ফ্লাইটে প্রায় তিন কোটি টাকার সোনা উদ্ধার পেয়েছে শুল্ক কর্মকর্তারা।
বৃহস্পতিবার রাতে ওমান এয়ার ও বাংলাদেশ বিমানের দুটি ফ্লাইট থেকে মোট ৫৯টি সোনার বার উদ্ধার করা হয়।
বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার সেলিম রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার রাতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো অবস্থায় পরিত্ত্যক্ত অবস্থায় ৫৪টি বার পাওয়া যায়।
৬ কেজি ৩০০ গ্রাম ওজনের এসব সোনার বারের দাম আনুমানিক দুই কোটি ৭০ লাখ টাকা বলে তিনি জানান।
সেলিম রেজা বলেন, ওমান এয়ারের ভিন্ন একটি ফ্লাইটে আসা নুরুচ্ছাফা নামে যাত্রীর শরীর তল্লাশী করে পাঁচটি সোনা বার পাওয়া যায়।
প্রায় ৬০০ গ্রাম ওজনের সোনার বারের আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা বলে জানান তিনি।
এই ঘটনায় কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
