চট্টগ্রামে ৩৩ টন পলিথিন জব্দ
বন্দরনগরী চট্টগ্রামে শুল্ক ফাঁকি দিয়ে বিদেশ থেকে আনা ৩৩ টন পলিথিনসহ দুটি কভার্ড ভ্যান আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত বিভাগ।
এ বিভাগের উপ-পরিচালক মো. জাকির হোসেন জানান, বুধবার গভীর রাতে নগরীর শাহ আমানত সেতুর উত্তর পাশ থেকে পলিথিনসহ কভার্ড ভ্যান দুটি তারা আটক করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ‘মিথ্যা তথ্য দিয়ে’ এসব পলিথিন বিদেশ থেকে এনে খোলা বাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।
“বুধবার রাতে খবর পেয়ে শাহ আমানত সেতু এলাকায় কভার্ড ভ্যান দুটি আটক করে কাগজপত্র যাচাই করা হয়। প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় পলিথিনসহ কভার্ড ভ্যান দুটি জব্দ করা হয়েছে।”
এসব পলিথিন কখন বন্দর থেকে বের করা করা হয়েছে এবং কত টাকা শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে সে বিষয়ে তদন্ত করা হচ্ছে বলে শুল্ক গোয়েন্দা কর্মকর্তা জাকির হোসেন জানান।
