২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে ‘তরমুজ খেয়ে’ শিশুর মৃত্যু

যশোর সদর উপজেলায় তরমুজ খাওয়ার পর এক শিশুর মৃত্যু হয়েছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2015, 04:17 PM

Updated : 22 Aug 2022, 12:08 PM

বুধবার সকালে মৃত রাকিবুল ইসলাম (৫) সদর উপজেলার গহরপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কল্লোল কুমার সাহা বলেন, সকালে তরমুজ খাওয়ার পর শিশুটি অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে তাকে মৃত অবস্থায় আনা হয়।

“অবস্থা দেখে মনে হচ্ছে খাদ্য বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে শিশুটির মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।”

রাকিবুলের মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান কল্লোল কুমার সাহা।

শিশুটির বাবা আব্দুস সাত্তার বলেন, সকাল ৭টার দিকে রাকিবুল তরমুজ খায়। এরপর খেলা করছিল সে। হঠাৎ তার নাক ও মুখ দিয়ে ফেনা বের হতে শুরু করে এবং নিস্তেজ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে যান।