ফেইসবুকে প্রধানমন্ত্রীকে শিক্ষকের কটূক্তি: তদন্ত কমিটি
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের ফেইসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তির ঘটনায় তদন্ত কমিটি করে জরুরি সিন্ডিকেট ডেকেছে বিশ্ববিদ্যালয়টির কর্তৃপক্ষ।
উদ্যানতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক আরফান আলীর অপসারণ ও শাস্তির দাবিতে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন বলেও মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, শেকৃবি শিক্ষার্থী মাল্টি মাহমুদ নামে সোমবার এক ফেইসবুক আইডি থেকে পহেলা বৈশাখের দিন নারীদের যৌন নিপীড়নের ঘটনায় এক সমাবেশ নিয়ে স্ট্যাস্টাস দেওয়া হয়।
ওই স্টাটাসে বলা হয়, “পহেলা বৈশাখে নারীদের যৌন হয়রানির প্রতিবাদ করতে আসা এই আফার কি ওড়না ছিল না বাসায়, নাকি তিনি শো-অফ করতে আসছিলেন এখানে...।”
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই স্টাটাসে শিক্ষক আরফান আলী লিখেন “Vi re jotoi clean hok kono lav nai kono Bichar hobena.. Because, Sheik Hasina is the mother of Rapist.”
আরফান আলীর এই মন্তব্যের প্রতিবাদে মঙ্গলবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ করে তার কুশপুতুল পোড়ায় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এই শিক্ষককে বরখাস্ত করাসহ ছয় দফা দাবি জানিয়ে উপাচার্য অধ্যাপক মো. শাদাত উল্লার কাছে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক মো. সেকেন্দার আলীকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এছাড়া আগামী ২৫ এপ্রিল জরুরি সিন্ডিকেট আহ্বান করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
