যশোরে গৃহবধূ খুন
দেরিতে ভাত নিয়ে যাওয়ায় যশোরে গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে তার স্বামীর বিরুদ্ধে।
মঙ্গলবার দুপুরে সদর উপজেলার লেবুতলা গ্রামে এ ঘটনা ঘটে।
প্রতিবেশীর বরাত দিয়ে যশোর জেনারেল হাসপাতালে কর্তব্যরত পুলিশের এএসআই রুহুল আমিন জানান, বিকাল সাড়ে ৪টার দিকে নিজ জমিতে কর্মরত মমতাজ হোসেনের জন্য খাবার নিয়ে যান তার স্ত্রী পারভীন (৩৫)।
এ সময় দেরিতে খাবার নেওয়ার অভিযোগ তুলে মমতাজ ক্ষিপ্ত হয়ে শ্যালেমেশিন মেরামত করার ধাতব যন্ত্রাংশ দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই গৃহবধূ পারভীনের মৃত্যু হয়।
তিনি আরও জানান, সন্ধ্যায় মমতাজ মরদেহটি বাড়ি নিয়ে এসে গোপনে কবরস্থ করার চেষ্টা করলে প্রতিবেশীরা তাতে বাধা দেন এবং পুলিশে খবর দেন। পরে রাত সাড়ে ৮টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
এ ঘটনার পর থেকে মমতাজ ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে বলে জানান এএসআই রুহুল।
নিহত পারভীনের ভাই জামাল গাজী জানান, ১৫ বছর আগে পারভীন ও মমতাজের বিয়ে হয়। তাদের দুটি ছেলে রয়েছে।
