অবমাননা: দুই সচিবসহ তিনজনকে তলব
রাজধানীর হাজারীবাগ থেকে ট্যানারি শিল্প স্থানান্তরে দেওয়া রায়ের বাস্তবায়ন না হওয়ায় শিল্প সচিব মোশাররফ হোসেন ভুইয়াকে ১৯ মে আদালতে হাজির হতে বলেছে হাই কোর্ট।
এছাড়া আদালতের নির্দেশ অনুযায়ী সুপ্রিম কোর্টের জমি বুঝিয়ে না দেওয়ায় মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক-উল ইসলাম ও শিশু একাডেমির পরিচালক মো. মোশাররফ হোসেনকে ৬ মে তলব করা হয়েছে।
আদালত অবমাননার দুটি অভিযোগের শুনানি করে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেনের হাই কোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেয়।
পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে এক আইনজীবী হাই কোর্টে এসব আবেদন নিয়ে আসেন।
আদালতে আবেদনকারীপক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সুচিরা হোসেন।
আদেশের পর মনজিল মোরসেদ বিডিনিউজ টোয়েন্টিফোরডটকমকে বলেন, “হাই কোর্টের রায়ে হাজারীবাগ থেকে ট্যানারি শিল্প অন্যত্র সরিয়ে নিতে বলা হয়েছিল। কয়েক দফা সময় দেওয়া হলেও তার বাস্তবায়ন হয়নি। তাই আদালত অবমাননার আবেদন করা হলে আদালত রুল দেন।”
মঙ্গলবার ওই রুলের শুনানিতেই শিল্পসচিবের ব্যক্তিগত হাজিরার জন্য নির্দেশনা চাওয়া হলে আদালত তাকে ব্যাখ্যা দিতে ১৯ মে হাজির হতে বলে।
ট্যানারি শিল্প হাজারিবাগ থেকে সরিয়ে নিতে হাই কোর্টের ওই রায় হয় ২০০১ সালে।
এরপর ২০০৯ সালের ২৩ জুন আদালত এক আদেশে ২০১০ সালের ২৪ ফেব্রুয়ারির মধ্যে ট্যানারি স্থানান্তরের সময় দেয়।
সরকারের আবেদনে ২০১০ সালের ৩০ অক্টোবর আরও ছয় মাস সময় বাড়ানো হয়। ওই সময় শেষ হয় ২০১১ সালের ৩০ এপ্রিল।
এরপরও ট্যানারি শিল্প হাজারিবাগ থেকে স্থানান্তর না করায় হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষ থেকে আদালত অবমাননার অভিযোগ আনা হয়। এর পরিপ্রেক্ষিতে গত বছর ১৫ এপ্রিল হাই কোর্ট রুল দেয়।
অন্য আদেশের বিষয়ে মনজিল মোরসেদ জানান, তিন আইনজীবীর করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১১ সালের ১০ মার্চ হাই কোর্ট এক রায়ে সড়ক ভবন ও শিশু একাডেমির দখলে থাকা সুপ্রিম কোর্টের সম্পত্তি বুঝিয়ে দিতে বলে।
ওই রায়ের বিরুদ্ধে আপিল হলেও হাই কোর্টের সিদ্ধান্ত বহাল থাকে।
এরপর সড়ক ভবনের জমি সুপ্রিম কোর্টের কাছে বুঝিয়ে দেওয়া হলেও শিশু একাডেমি তা না করায় আদালত অবমাননার এই অভিযোগ আনা হয়। প্রাথমিক শুনানি করে হাই কোর্ট ৭ এপ্রিল সংশ্লিষ্টদের বিরুদ্ধে রুল দেয়।
মনজিল মোরসেদ বলেন, “এর ধারাবাহিকতায় মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও শিশু একাডেমির পরিচালককে ব্যক্তিগত উপস্থিতির নির্দেশনা চেয়ে আবেদন করা হয়। আদালত ব্যাখ্যা জানাতে ৬ মে তাদের হাজির হতে নির্দেশ দিয়েছে।”
