২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা মাঠে থাকলে বেশি মানুষ আমার পাশে আসবে: তাবিথ

খালেদা জিয়া নির্বাচনী প্রচারে থাকলে প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে যাবেন বলে মনে করছেন ঢাকা উত্তরে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2015, 01:47 PM

Updated : 12 Oct 2022, 03:34 PM

রোববার সকালে মিরপুরের তালতলা এলাকায় ভোট চাইতে গিয়ে তাবিথ সাংবাদিকদের বলেন, “তার (খালেদা জিয়া) বিপুল জনপ্রিয়তা রয়েছে। তিনি প্রচারণায় নামলে নির্বাচনে নতুন মাত্রা যোগ হবে এবং মানুষ আরো বেশি করে আমার পাশে এসে দাঁড়াবে।”

আগের দিন রাজধানীর গুলশান, বনানী, মহাখালী ও বাড্ডা এলাকায় ঘুরে দল সমর্থিত প্রার্থী তাবিথের পক্ষে ভোট চান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

তার আগে গত মঙ্গলবার নয়া পল্টনে বর্ষবরণের এক অনুষ্ঠানে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী হিসেবে ঢাকা উত্তর সিটি করপোরেশনে তাবিথ আউয়াল এবং দক্ষিণ সিটি করপোরেশনে মির্জা আব্বাসকে পরিচয় করিয়ে দেন তিনি।

ওই অনুষ্ঠানে বক্তব্যে ব্যালটে ‘নীরব বিপ্লব’ ঘটাতে জনগণের প্রতি আহ্বান জানান বিএনপি প্রধান। এছাড়া নির্বাচন সামনে রেখে শুক্রবার রাতে খালেদা জিয়া হেফাজতে ইসলামের কয়েক নেতার সঙ্গে বৈঠক করেন বলে খবর বেরিয়েছে।

সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ভোট চেয়ে এবং হেফাজত নেতাদের সঙ্গে ‘বৈঠকে বসে’ বিএনপি নেত্রী নির্বাচনী আচরণ বিধি লংঘন করেছেন কি না সে বিষয়ে ব্যাখ্যা চেয়েছে সহস্র নাগরিক কমিটি।

সিটি নির্বাচনকে কেন্দ্র করে গড়ে ওঠা সরকার সমর্থক নাগরিকদের এই ফোরামের অভিযোগ ভিত্তিহীন বলে মনে করেন তাবিথ আউয়াল। 

“আমরা আমাদের পক্ষ থেকে বলতে পারি, আমরা সমস্ত প্রচার ও প্রক্রিয়া নির্বাচনী আচরণবিধি মেনেই করছি। তিনি (খালেদা) প্রচারণায় নামায় আচরণবিধি লংঘন হয়েছে বলে মনে করি না।”

Image
রাজধানীর গুলশান-১ এ নাভানা টাওয়ারে শনিবার ঢাকা উত্তরের মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে প্রচারণায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: আসিফ মাহমুদ অভি /বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাজধানীর গুলশান-১ এ নাভানা টাওয়ারে শনিবার ঢাকা উত্তরের মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে প্রচারণায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: আসিফ মাহমুদ অভি /বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

২৮ এপ্রিল অনুষ্ঠেয় সিটি নির্বাচনে দল সমর্থিত প্রার্থীদের পক্ষে শনিবারই ভোট চাইতে প্রথম সরাসরি নামেন বিএনপি চেয়ারপারসন।

বিধি-নিষেধের বেড়াজালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের স্থানীয় সরকারের এই নির্বাচনে প্রচার চালানোর সুযোগ না থাকলেও খালেদা তা পাচ্ছেন।

ভোটের আগে ২৬ এপ্রিল মধ্যরাত পর্যন্ত প্রচারণার সুযোগ রয়েছে প্রার্থীদের। এ সময়কে যথেষ্ট মনে করছেন তাবিথ।

তিনি বলেন, “নির্বাচনে প্রচারণার এখনো সাতদিন বাকি আছে। আশা করছি এই সাতদিনের মধ্যে আমরা সর্বস্তরের ভোটারদের কাছে পৌঁছাতে পারব। আমাদের কাছে এটা যথেষ্ট সময় বলেই মনে হয়।”

নির্বাচন কমিশনে ক্ষমতাসীন দল সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ করেছেন বলে জানান তাবিথ আউয়াল।

“আমরা আমাদের অভিযোগগুলো নির্বাচন কমিশনকে জানিয়েছি।এখন এটা কমিশনের বিষয় তারা অভিযোগ পর্যালোচনা করে কোনো ব্যবস্থা নেবেন কি না। আমরা আশা করছি, খুব দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে নির্বাচন কমিশন,” বলেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও এফবিসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথের সঙ্গে ভোটের লড়াইয়ে আছেন আরেক ব্যবসায়ী আনিসুল হক। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনটির সাবেক সভাপতি আনিসুল আওয়ামী লীগের সমর্থন নিয়ে উত্তরের মেয়র পদে লড়ছেন।

তাবিথ সকালে মিরপুরে প্রচার চালানোর সময় উত্তরার রাজলক্ষ্মী কমপ্লেক্সের সামনে ছেলের জন্য ভোট চাইতে যান তার মা নাসরিন আওয়াল।