পিরোজপুরে ৪টি মন্দিরে ভাংচুর
পিরোজপুরের কাউখালীতে চারটি মন্দিরের সাতটি প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার বিকালের এ ঘটনায় জড়িত সন্দেহে মানসিক ভারসাম্যহীন এক নারীকে পিটিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
জেলা মন্দির কমিটির সাধারণ সম্পাদক শংকর বসু জানান, বিকাল ৪টার দিকে কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সরস্বতী, কার্তিক, লক্ষ্মী ও গণেশ প্রতিমা, কেন্দ্রীয় শ্মশানের কালী প্রতিমা, কেন্দ্রীয় লোকনাথ মন্দিরের লোকনাথের বিগ্রহ এবং পহেলা বৈশাখ উপলক্ষে লোকনাথ মন্দিরে নবনির্মিত একটি গণেশ প্রতিমা ভেঙে ফেলে দুর্বৃত্তরা।
কাউখালী থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন জানান, ওই নারীকে পুলিশ হেফাজতে নেওয়ার পর কাউখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে তাকে জিজ্ঞাসাবাদ করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিমা ভাংচুর ও মানসিক ভারসাম্যহীন নারীকে পেটানোর ঘটনার খোঁজ খবর নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল ইসলাম।
