বাঘের মুখে হাত খোয়ালেন দর্শনার্থী
গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে বাঘের কামড়ে হাত খুইয়েছেন এক দর্শনার্থী।
মঙ্গলবার বাংলা নববর্ষে এ ঘটনায় ওই যুবকের হাতের কনুই পর্যন্ত নিয়ে গেছে বাঘ।
আহত মাহমুদুল হাসান ওরফে অংকন (২৩) ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আলপাড়া গ্রামের মো. দাউদ হোসেনের ছেলে।
অংকনের বড়ভাই মেহেদী হাসান জানান, অংকন ঢাকার মিরপুরের মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র।
তাকে তার দুই বন্ধু প্রথমে স্থানীয় কাজী হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতালে (পঙ্গু হাসপাতাল) নিয়ে যাওয়া হয়।
বঙ্গবন্ধু সাফারি পার্কের রেঞ্জ কর্মকর্তা শিবু প্রসাদ ভট্টাচার্য জানান, পহেলা বৈশাখে বন্ধু হাবিবুরসহ তারা তিন বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে বেড়াতে আসেন।
দুপুরের প্রচণ্ড রোদে কোনো স্থান থেকে বাঘ দেখা যাচ্ছিল না।
দুপুর দেড়টার দিকে অংকনসহ তিন বন্ধু পার্কের টাইগার এরিয়ার রেস্টুরেন্টে অবস্থান নেন।
সেখানে দুই বন্ধু বসেছিলেন আর অংকন টাইগার এরিয়ার সীমানা দেওয়ালের উপর উঠে নেটের ফাঁক দিয়ে হাত বাড়িয়ে দূরে একটি বাঘের উদ্দেশে নাড়ছিলেন।
শিবু প্রসাদ জানান, এ সময় প্রাচীরের পাশে থাকা আরেকটি বাঘ তার বাম হাত কামড়ে ধরে। টের পেয়ে আশপাশে থাকা অন্য দর্শনার্থীরা তাকে টেনে ধরলে হাতের কনুই পর্যন্ত ছিঁড়ে নিয়ে যায় বাঘ।
বাউন্ডারি ওয়ালের উপর যাতে কোনো দর্শনার্থী দাঁড়াতে বা উঠতে না পারে সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান শিবু প্রসাদ।
