রানা প্লাজা ধস: আরও সময় পেলেন তদন্ত কর্মকর্তা
সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় প্রাণহানি ও ইমারত বিধি লঙ্ঘনের দুই মামলায় তদন্ত প্রতিবেদন দিতে আরও পাঁচ সপ্তাহ সময় পেয়েছেন তদন্ত কর্মকর্তা।
মামলা দুটির তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এএসপি বিজয় কৃষ্ণ কর সোমবার সময়ের আবেদন করলে ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতের জ্যেষ্ঠ বিচারক কাজী শহীদুল হক তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য ২১ মে নতুন তারিখ রাখেন।
২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন বহুতল ভবন রানা প্লাজা ধসে এক হাজার ১৩৫ জনের মৃত্যু হয়। অন্তত দুই হাজার ৪৫৮ জনকে জীবিত উদ্ধার করা হয়। নিহত ও আহতদের অধিকাংশই ছিলেন পোশাক শ্রমিক।
বাংলাদেশের ইতিহাসের ভয়াবহতম এই ভবন ধসের ঘটনার পর অবহেলায় মৃত্যু ঘটানোর অভিযোগ এবং ইমারত নির্মাণ আইনে দুটি মামলার তদন্ত করছেন বিজয় কৃষ্ণ কর।
তদন্তে দেরি হওয়ায় এর আগে এই সিআইডি কর্মকর্তাকে কারণ দর্শাতে বলেছিল আদালত। তার জবাবে তিনি আদালতকে বলেছেন, যতো দ্রুত সম্ভব তিনি অভিযোগপত্র দাখিল করবেন।
রানা প্লাজা ধসের বছরপূর্তিতে গতবছর এপ্রিলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালও বলেছিলেন, পুলিশ তদন্ত ‘শিগগিরই’ শেষ করে অভিযোগপত্র দেবে।
“সঠিকভাবে যাতে অভিযোগপত্র দেওয়া যায় সেজন্য বিলম্ব হচ্ছে। তবে শিগগিরই তা দেওয়া হবে।”
রানা প্লাজা ধসের ঘটনায় এখন পর্যন্ত ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাদের মধ্যে ৮ জন উচ্চ আদালত থেকে জামিনে বেরিয়ে এসেছেন। রানা প্লাজার মালিক সোহেল রানা দুই মামলারই আসামি।
ভবন ধসে প্রাণহানির ঘটনায় ‘অবহেলাজনিত মৃত্যুর’ অভিযোগে মামলাটি দায়ের করেন সাভার থানার উপ-পরিদর্শক ওয়ালী আশরাফ। সোহেল রানাসহ ২১ জনকে আসামি করা হয় এ মামলায়।
অভিযোগ প্রমাণিত হলে এ মামলায় আসামিদের সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।
আর বিধি না মেনে রানা প্লাজা নির্মাণের অভিযোগে রানাসহ ১৩ আসামির বিরুদ্ধে ইমারত বিধির মামলাটি দায়ের করেন সাভার মডেল থানায় রাজউকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল আহমেদ।
অভিযোগ প্রমাণিত হলে এ মামলায় আসামিদের সর্বোচ্চ দুই বছর শাস্তি হতে পারে।
