২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলকাতায় ‘নৌযান তৈরিতে আগ্রহী’ বাংলাদেশ কোস্ট গার্ড

টহল নৌযান তৈরির জন্য কলকাতার একটি শিপ ইয়ার্ডে খোঁজ খবর নিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কলকাতা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2015, 01:19 PM

Updated : 25 Apr 2022, 01:15 PM

কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মকবুল হোসেন গত মাসে কলকাতার গার্ডেন রিচ শিপ ইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (জিআরএসই) পরিদর্শনে গিয়ে এ ব্যাপারে খোঁজখবর নেন বলে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল একে ভার্মা সাংবাদিকদের জানান।  

মরিশাস সম্প্রতি তাদের কোস্ট গার্ডের জন্য এই শিপ ইয়ার্ড থেকেই ‘ব্যারাকুডা’ ক্লাস নৌযান তৈরি করায়।

একে ভার্মা বাংলাদেশের কোস্ট গার্ড প্রধানকে জানিয়েছেন, মরিশাসের জন্য নৌযান তৈরির পর থেকে অনেক দেশই তাদের শিপ ইয়ার্ডে খোঁজখবর নিচ্ছে।

ভার্মা সাংবাদিকদের বলেন, “আমরা বাংলাদেশের কোস্ট গার্ড প্রধানকে আমাদের উৎপাদন সক্ষমতা সম্পর্কে জানিয়েছি। ভারতীয় নৌবাহিনীর জন্য বিভিন্ন ধরনের জাহাজ এবং সাবমেরিনও যে এখানে তৈরি হয়েছে তাও জানানো হয়েছে।

“তিনি ইতিবাচক মনোভাব দেখিয়েছেন এবং আমরা বাংলাদেশ থেকে কার্যাদেশ পাওয়ার আশা করছি।”

জিআরএসই ভারতীয় নৌবাহিনীর জন্য সাবমেরিন বিধ্বংসী নৌযান এবং তিনটি স্টেলথ ফ্রিগেটও নির্মাণ করছে।

এছাড়া ভারত সরকার স্থানীয় যে পাঁচটি শিপ ইয়ার্ডে ছয়টি সাবমেরিন তৈরির সিদ্ধান্ত নিয়েছে, তার মধ্যে জিআরএসই একটি।  

ভারতের কাছ থেকে পাওয়া ১০০ মিলিয়ন ডলার ঋণের আওতায় ভিয়েতনামও এই কারখানা থেকে তিনটি টহল নৌযান তৈরি করিয়ে নেবে বলে ধারণা করা হচ্ছে।