২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোট চাইতে খালেদার সঙ্গে মাহীর সাক্ষাৎ

নববর্ষের দিন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মাহী বি চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2015, 12:11 AM

Updated : 25 Apr 2022, 01:15 PM

বিকল্প ধারার নেতা মাহী মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসায় ঢোকেন, আধা ঘণ্টা সেখানে ছিলেন তিনি।

মাহীর নির্বাচনী প্রচার সেলের প্রধান সমন্বয়কারী জাহাঙ্গীর আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাতে মাহী বি চৌধুরী বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করতে যান।

“নতুন প্রজন্মের পক্ষ থেকে তিনি জাতীয়তাবাদী ঐক্যের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ঈগল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।”

বিএনপিঘনিষ্ঠ দল বিকল্প ধারার নেতা মাহী এই নির্বাচনে বিএনপির সমর্থন চেয়েছিলেন। তবে বিএনপি সমর্থন দিয়েছে দলের চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথ আউয়ালকে।

মঙ্গলবার বিকালে নয়া পল্টনের কার্যালয়ের সামনে জাসাস আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে তাবিথকে বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন খালেদা জিয়া।

সকালে মাহী বি চৌধুরী তার বাবা সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী, মা হাসিনা ওয়ার্দা চৌধুরী ও স্ত্রী আশফাহ হক লোপাকে নিয়ে বনানী বৈশাখী মেলায় গণসংযোগ করেন।