২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে টোল আদায় নিয়ে সংঘর্ষ

গাজীপুর সিটি করপোরেশনের বোর্ডবাজারের সাইনবোর্ড বাজারে টোল আদায় নিয়ে ইজারাদার ও ব্যবসায়ীদের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2015, 09:36 PM

Updated : 22 Aug 2022, 12:05 PM

মঙ্গলবার বিকালে এ ঘটনায় আহতদের টঙ্গী হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, উত্তরার ক্রিসেন্ট হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতদের মধ্যে রয়েছেন শাহীন (২২), আবুল হোসেন (৫৫), ইজ্জত আলী (৫০), আমিন খান (৫০), ইসমাইল হোসেন (৪৫), নুরুজ্জামান (৩০), সুভাস (৫০), মোর্শেদ আলী (৪০), সিদ্দিক আলী (৫৫)। বাকিদের নাম জানা যায়নি। উত্তরার ক্রিসেন্ট হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

সাইনবোর্ড এলাকার ব্যবসায়ী জামাল উদ্দিন খান ও জয়নাল খান জানান, ইজারাদার আমিন উদ্দিন সরকার গাজীপুর সিটি করপোরেশন থেকে সাইনবোর্ড বাজারটি চলতি মাস থেকে এক বছরের জন্য ইজারা পেয়েছেন।

মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে স্থানীয় ১৪/১৫ জন যুবক এসে বিভিন্ন দোকানির কাছে ইজারাদারের পক্ষে অতিরিক্ত টোল দাবি করে।

কিন্তু দোকানিরা অতিরিক্ত টোল দিতে দিতে অস্বীকার করলে ওই লোকজন ব্যবসায়ীদের উপর  হামলা চালায় এবং কয়েকটি দোকান ভাংচুর করে।

এক পর্যায়ে ব্যবসায়ীরা প্রতিহত করলে লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে তাদের উপরও হামলা চালায়।

টঙ্গী হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. মাহবুবুর রহমান জানান, বিকাল ৫টার দিকে আহত শাহীন, আবুল হোসেন ও ইজ্জত আলীকে টঙ্গী হাসপাতালে আনা হয়। তাদের শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

ভোগড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক নাজমুল হক ভুইয়া সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে বলেন, জড়িতদের আটকের চেষ্টা চলছে।