২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যে জমজমাট বৈশাখী মেলা

পালকিতে ঘুরছে বর-কনে। খাঁ খাঁ রোদে হেঁটে বেড়াচ্ছে সাজানো ভুত। ধামা ভরা হাতি-ঘোড়া, মঠ-রাজা-পালকি। সবই চিনির তৈরি। ঘোড়ার পিঠে চড়ে টগবগ খাচ্ছে শিশু-কিশোর। ওইতো নাগর দোলার চক্কর। আঙুলের ইশারায় নাচছে পুতুল। আর বাঁশির সুরে নাচছে মানুষও। পিঠা আর পান্তা-ইলিশের এই উৎসবে ছিল ভুভুজেলার গগনবিদারী আওয়াজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শহীদুল ইসলাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2015, 07:51 PM

Updated : 12 Oct 2022, 03:33 PM

গ্রাম বাংলার এসব ঐতিহ্য সারা বছর চোখে না পড়লেও অনেক কিছুরই দেখা মিলেছে রাজধানীতে পহেলা বৈশাখের মেলায়।

রমনা বটমূল, চারুকলা চত্বর, টিএসসি, বাংলা একাডেমি প্রাঙ্গণ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এর আশপাশ ছাপিয়ে বর্ষবরণের উৎসব ছড়িয়ে পড়েছে পাড়া-মহল্লায় অলি-গলিতে। পুরো ঢাকাই যেন পরিণত হয়েছে বৈশাখী মেলায়, উৎসবের নগরীতে। আর তাতে রং ছড়াচ্ছেন লাল-সাদা পোশাকের নারী-পুরুষ-শিশু।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন এবং বাংলা একাডেমির যৌথ আয়োজেনে একাডেমি প্রাঙ্গণে বসেছে বৈশাখী মেলা।

বাংলার লোকজ ঐতিহ্যের বিভিন্ন উপকরণ আর দৃষ্টিনন্দন বিভিন্ন হস্তশিল্প বিক্রি হচ্ছে এই মেলায়। আছে বিন্নি ধানের খৈ-এর সঙ্গে চিনির তৈরি সাজসহ বিভিন্ন খাবার, ‘হৃদয় ঝুমুর ঝুমুর পুতুল নাচ’। দর্শনার্থীরা ভীড় করেছেন এই মেলায়।

সোহরাওয়ার্দী উদ্যানের মেলার দুই ছেলে আর মেয়েকে ঘোড়ার পিঠে চড়িয়ে দিয়েছিলেন আলী আকবর।

ঘোড়াটি ‘টগবগিয়ে’ হাটা শুরু করতেই ছোট মেয়েটি শুরু করে কান্না। ভয়ে ঘোড়ার সঙ্গে সঙ্গে ছোটেন আকবর। মেয়েকে নামিয়ে নেওয়ার পর ছেলেরা মহাখুশিতে ঘোড়ার পিঠে চরে ঘুরে বেড়ায়।

আকবর বলেন, “ওরা তো জীবন্ত ঘোড়া দেখার সুযোগই কম পায়। তাই এখানে সুযোগ থাকায় ওদের ঘোড়ার পিঠে চড়ালাম। অন্তত গল্প করতে পারবে।”

বাংলা একাডেমি প্রাঙ্গণ ছাড়াও সোহরাওয়ার্দী উদ্যানের বেশ কয়েক জায়গায় বসেছে নাগর দোলা। শিশু-কিশোরদের সঙ্গে বয়স্কদেরও দেখা গেল তাতে দোল খেতে।

“গত বছর বৈশাখী মেলায় এসে নাগর দোলায় উঠেছিল ছেলে। এবার কয়েক দিন আগেই বলে রেখেছে নাগর দোলায় উঠবে। নিরাপত্তার কথা ভেবে ছেলের সঙ্গে আমিও উঠলাম,” হেসে ফেলেন এনজিও কর্মকর্তা তানভীর আহমেদ।

বরাবরের মতোই ছায়ানটের আয়োজনে গানের আসর বসে রমনার বটমূলে। চারুকলার মঙ্গল শোভাযাত্রাকে কেন্দ্র করে সকাল থেকেই ঢাকার সব পথ যেন মিশে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, রমনা আর আশেপাশের এলাকায়।

বাংলা একডেমি প্রাঙ্গণে যে নাগর দোলা বসেছে সেটির আসনগুলো দেখতে ময়ূরপঙ্খী নাওয়ের মত। সোহরাওয়ার্দী উদ্যানে হাঁস, প্রজাপতি আর বাঘের মুখের আদলে তৈরি চকরাতেই বেশি উঠছে শিশুরা।

পরিবারের সদস্যদের নিয়ে পুতুল নাচ দেখে কবীর আহমেদ বলেন, “এগুলোর সঙ্গে বাচ্চাদের পরিচিত করতেই টিকেট কেটে পুতুল নাচ দেখলাম।”

কবীরের মেয়ে নওরীন বলেন, “এতদিন শুধু গল্প শুনেই এসছি। আজ নিজের চোখে দেখলাম, ভাল লাগছে।”

ছোট্ট একটি ছেলে ও এক মেয়েকে বর-কনে সাজিয়ে পালকিতে চড়িয়ে চারুকলার সামনে দিয়ে মহড়া দিতে দেখা যায় একদল মানুষকে। উৎসুক লোকজন পালকির সঙ্গে ছবি তোলেন।

ভুতের মুখোশ বিক্রির জন্য কয়েক ভ্রাম্যমাণ দোকানিকে দেখা গেল মুখোশের সঙ্গে কালো গাউন জড়িয়ে ভুত সেজে ঘুরে ঘুরে ক্রেতাদের দৃষ্টি কাড়তে।

রবীন্দ্র সরোবর, জাতীয় সংসদ ভবন চত্বর, চন্দ্রিমা উদ্যান, মিরপুর বুদ্ধিজীবী পার্কসহ নগরীর বিভিন্ন এলাকায় খণ্ড খণ্ড মেলায় তেল-সাবান, চুড়ি-ফিতা, বাঁশি-বেহালা, ঢাক-ঢোল-খঞ্জনি, একতারা-দোতারা, হরেক রকম খেলনা, খাবারদাবার, পোশাক-পরিচ্ছদ সবই বিক্রি হতে দেখা যায়।

সবখানেই ভ্যাঁ ভ্যাঁ

যেখানে মেলা বসেছে সেখানেই বিক্রি হচ্ছে ‘অতিথি সংস্কৃতি’ ভুভুজেলা বাঁশি। রাস্তায় ফেরি করেও এই বাঁশি বিক্রি করছেন হকাররা। ভুভুজেলার সঙ্গে আর বাঁশিও কিনেছেন কেউ কেউ।

মঙ্গলবার সকাল থেকেই শিশুদের সঙ্গে তরুণদের দেখা যায় ভুভুজেলা বাঁশি কিনে বিকট আওয়াজ করে এদিক-সেদিক ছুটে বেড়াতে।

সুপ্রীম কোর্টের সামনে ভুভুজেলা বিক্রেতা রাসেল জানান, একশ টাকা থেকে শুরু ২০ টাকা দামের বাঁশি আছে তার কাছে। বিক্রির জন্য আনা একশটি বাঁশির মধ্যে দুপুরের আগেই ৮০টি বিক্রি হওয়ার খুব খুশি এই ক্ষুদে হকার।

অনেককেই দেখা গেল দল বেঁধে মাথায় নতুন গামছা বেধে ঘুরে বেড়াতে। যেখানেই ভীড় বেশি সেখানে গিয়েই বাঁশি বাজিয়ে সবাইকে মাতিয়ে তুলেন তারা।

এদেরই একজন সাইফুল ইসলাম বলেন, “এক দিনের জন্যও বাঙালি হলেও এর মধ্যে অনেক মজা আছে। বন্ধুরা মিলে মেলায় এসেছি তাই মজাটাই অন্যরকম।”

‘জুয়ার’ আসর

বর্ষবরণের উৎসবের মধ্যেই সোহরাওয়ার্দী উদ্যানে র‌্যাব-পুলিশের সামনেই বেশ কয়েকটি জুয়ার আসর বসিয়ে সেখানে বিভিন্ন ধরনের লটারী ও খেলা পরিচালনা করতে দেখা যায়।

শাহাবাগ এলাকার একজন ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “পুলিশ টাকা নিয়ে ২৫-৩০টি জুয়ার কোর্ট বসার অনুমতি দিয়েছে।”

একটি জুয়ার কোটের সামনে দাঁড়িয়ে খেলা দেখছিলেন একজন পুলিশ কর্মকর্তা।

টাকা নিয়ে জুয়ার আসর বসানোর বিষয়ে জানতে চাইলে নাম-পরিচয় প্রকাশ না করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, “আনন্দের দিনে কাউকেই আমরা কোনো কিছুতেই মানা করিনি। তবে শৃঙ্খলা বিঘ্ন হয় এমন কিছু কাউকে করতে দেওয়া হচ্ছে না।”

মেলায় আসা দর্শনার্থীদের বেশ কয়েকজন বেদেদের উৎপাত নিয়ে অভিযোগ করেছেন।

ঢাকার বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখা যায়, বেদেরা দল বেঁধে, কেউ কেউ হাতে সাপ নিয়ে অনেকটা ভয় দেখিয়ে টাকা নিচ্ছেন। সাপ দেখিয়ে মেয়েদের কাছ থেকে বেদেদের টাকা নিতে দেখা গেছে।