কোনো প্রার্থীকে সুবিধা দিতে কিছু হচ্ছে না: পুলিশ
সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীরা পুলিশি হয়রানির অভিযোগ তুললেও তা অস্বীকার করেছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া।
তিনি বলেছেন, “পুলিশি হয়রানির বিষয়ে গণমাধ্যমে দেখেছি, তবে এটা সঠিক তথ্যনির্ভর নয়। পুলিশের কোনো অনুরাগ-বিরাগ, পছন্দ-অপছন্দের সুযোগ নেই।
“পুলিশ চাইবে- আইন শৃঙ্খলা, ভোটার ও প্রার্থীদের নিরাপত্তা রয়েছে কি না। সঠিকভাবে ভোটাররা যাকে খুশি তাকে ভোট দিতে পারছে কি না। এটা দেখার দায়িত্ব পুলিশের, এর বাইরে কিছু নয়।”
সোমবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে সিইসির মতবিনিময় সভায় আছাদুজ্জামান মিয়া একথা বলার সময় অনেক প্রার্থী হাততালি দিয়ে ওঠেন।
মেয়র প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত সাঈদ খোকনসহ অন্যরা উপস্থিত থাকলেও ছিলেন না বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাস। নাশকতার মামলায় জামিন চেয়ে হাই কোর্টে এদিন আবেদন করেন তিনি।
মামলা মাথায় নিয়ে অপ্রকাশ্যে থেকে ভোটের লড়াইয়ে নামা মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস অভিযোগ করে আসছেন গ্রেপ্তারের ভয়ে তার স্বামী ও বিএনপির অন্য প্রার্থীরা প্রচারে নামতে পারছেন না।
সরকারবিরোধী আন্দোলনের মধ্যে ভোটে আসা বিএনপিও একই অভিযোগ করে বলে আসছে, প্রচারের সমান সুযোগ না পেলে আসন্ন সিটি নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হবে।
আসামিদের বিরুদ্ধে অবস্থান ব্যাখ্যা করে পুলিশ কমিশনার আছাদুজ্জামান বলেন, “যাদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধ আছে, ওয়ারেন্ট আছে, অস্ত্র পাওয়া যাবে, অপরাধের সঙ্গে জড়িত হবেন, অবশ্যই পুলিশের কাজ হচ্ছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে আদালতে সোপর্দ করা।”
তবে নিরাপরাধ কাউকে হয়রানি না করার আশ্বাস দেন তিনি। এ ধরনের কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে তা পুলিশ, রিটার্নিং কর্মকর্তা বা নির্বাচন কমিশনের নজরে আনার অনুরোধও করেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, “কোনো নিরীহ লোক, যিনি কোনো অপরাধের সঙ্গে জড়িত নন, সন্দেহমূলকভাবে নির্বাচনকে প্রভাবিত করার জন্য বা কোনো প্রার্থীকে সুযোগ দেওয়ার জন্য এটা করা হবে না। এটা আমি আপনাদের আশ্বস্ত করছি।”
নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে পুলিশের দায়িত্ব পালনের দৃষ্টান্তও তুলে ধরেন তিনি।
আছাদুজ্জামান বলেন, “এখানে কোনো হুমকি-ধমকির ঘটনা যদি ঘটে; অবশ্যই আমরা নজরদারি রাখব। সাদা পোশাকে গোয়েন্দারা ইতোমধ্যে মাঠে রয়েছে। হুমকি-ধামকি, জোর-জবরদস্তির ঘটনা হলে সঙ্গে সঙ্গে অবশ্যই আমরা ব্যবস্থা নেব।”
“প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি যে কোনো হুমকি বা চাপ প্রতিহত করে চমৎকার নির্বাচনের পরিবেশ দেওয়ার জন্যে আমরা প্রস্তুত রয়েছি,” বলেন তিনি।
এই মতিবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমদের সঙ্গে নির্বাচন কমিশনার আবদুল মোবারক, আবু হাফিজ, জাবেদ আলী, মো. শাহনেওয়াজও ছিলেন।
ইসি সচিব মো. সিরাজুল ইসলাম, বিভাগীয় কমিশনার জিল্লার রহমান, ঢাকা জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন মিয়া, রিটার্নিং কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদসহ ছিলেন সভায়।
