২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এখনও সমান সুযোগ হয়নি: বিএনপি

ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিরোধী দলের প্রার্থীদের জন্য এখনও সমান সুযোগ নির্বাচন কমিশন নিশ্চিত করতে পারেনি বলে অভিযোগ করেছে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2015, 11:02 PM

Updated : 22 Aug 2022, 12:05 PM

সোমবার দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মুখপাত্রের দায়িত্ব পালন করা আসাদুজ্জামান রিপন বলেন, “আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, নির্বাচন কমিশন বিরোধী দলের প্রার্থীদের জন্য এখনও সমান সুযোগ নিশ্চিত করতে পারেনি।

“বিরোধী প্রার্থীরা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় জর্জরিত থাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারছেন না। তাদের সমর্থকরা প্রচারণা চালালে আইন প্রয়োগকারী সংস্থা বাধা দিচ্ছে। কেউ কেউ তাদের হাতে প্রহৃত হচ্ছে।”

প্রধান নির্বাচন কমিশনার ব্যবস্থা গ্রহণের কথা বললেও কার্য্ত বাস্তবে তার প্রতিফলন নেই বলে দাবি করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রিপন।

তবে তিনি আশা প্রকাশ করেন, সরকার ও নির্বাচন কমিশন আসন্ন স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করার পরিবেশ তৈরিতে সহায়তা করে বিরোধী দলের আস্থা সৃষ্টি করতে আন্তরিক হবে।

রোববার দক্ষিণ সিটি করপোরেশনের প্রার্থীদের মতবিনিময় অনুষ্ঠানে সিইসির বক্তব্য না শুনে প্রার্থীদের চলে যাওয়ার ঘটনা তুলে ধরে রিপন বলেন, “এর অর্থ দাঁড়ায় নির্বাচন কমিশনের ক্রেডিবিলিটি শূন্যের কোঠায় পৌঁছেছে।

“৫ জানুয়ারির মতো নির্বাচন অনুষ্ঠান করে যে নির্বাচন কমিশন তৃপ্তির ঢেকুর তোলে। পরবর্তীতে উপজেলা নির্বাচনে এই কমিশনের অসহায়ত্ব প্রধান নির্বাচন কমিশনারের এক পর্যায়ে নির্বাচন ফেলে বিদেশে চলে যাওয়াও দৃঢ়তার লক্ষণ নয়।”

তবে নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা ‘পুনরুদ্ধারের’ উদ্যোগে সচেষ্ট হবে বলে আশ করেন বিএনপি নেতা।

নয়া পল্টনের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতা কাজী আসাদুজ্জামান, শাহজাদা মিয়া, আসাদুল করীম শাহিন উপস্থিত ছিলেন।