জেন্ডার সংবেদনশীল বাজেট চান স্পিকার
জেন্ডার সংবেদনশীল বাজেট প্রণয়ন করে সারা বিশ্বে জেন্ডার সমতা সৃষ্টির আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
তিনি বলেছেন, “শোষণহীন, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার কথা শুধুমাত্র নীতিমালা, অর্থনৈতিক নীতিমালার মধ্যে থাকলেই চলবে না। জেন্ডার সংবেদনশীল বাজেট তৈরির মাধ্যমে সমগ্র বিশ্বে জেন্ডার সমতা সৃষ্টি করতে হবে।”
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে স্থানীয় সময় রোববার ‘পার্লামেন্টারি নেটওয়ার্ক অন দ্যা ওয়ার্ল্ড র্ব্যাক অ্যান্ড আইএমএফ’ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি শিরীন শারমিন এসব কথা বলেন।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
‘গ্লোবাল পার্লামেন্টারি কনফারেন্স জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড উইমেন’স রাইটস ইন পোস্ট ২০১৫’ শীর্ষক আলোচনায় স্পিকার বলেন, “বিশ্ব ব্যাংক ও আইএমএফ ঘোষিত দ্বৈত লক্ষ্য দারিদ্র নিরসন ও উন্নয়নে অংশগ্রহণ এই শ্লোগান বাস্তবায়নে নারীকে প্রধান চালিকাশক্তি হিসেবে চিহ্নিত করতে হবে।
“দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়নসহ সমগ্র পৃথিবীর টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পার্লামেন্টারি নেটওয়ার্ক, বিশ্বব্যাংক, আইএমএফসহ পৃথিবীর সকল দেশের সংসদ সদস্যদের একযোগে কাজ করতে হবে।”
শিরীন শারমিন বলেন, “জনগণের ক্ষমতায়নের মূল ভূমিকা সংসদ সদস্যরাই পালন করে। পবিত্র সংবিধানের চেতনাকে সমুন্নত রেখে সংসদকে সকল সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে হবে।
“বিশ্ব জুড়ে হতদরিদ্রদের মধ্যে নারী অন্যতম। নারী প্রধান পরিবারে দুর্গতি সমধিক। নারীর দুঃখ দুর্দশা মোচনে সামষ্টিক অর্থনৈতিক নীতিমালায় পরিবর্তন আনতে হবে। নীতিমালার এই পরিবর্তনে জেন্ডার সংবেদনশীলতাকে প্রাধান্য দিতে হবে। শ্রমবাজারে নারীদের উপযুক্ত সুবিধা নিশ্চিত করতে হবে। খাদ্য, স্বাস্থ্য ও অর্থনৈতিক সকল কর্মকাণ্ডে নারীদের জন্য সমতাভিত্তিক সুযোগ সৃষ্টি করতে হবে।”
স্পিকার বলেন, “রাজনৈতিক সদিচ্ছা এবং জনস্বার্থকেন্দ্রিক উন্নয়ন পরিকল্পনা থাকলে নারী পুরুষসহ সকল জনগণের উন্নয়ন নিশ্চিত হয়। নারী পুরুষসহ সকল প্রকার বৈষম্য দূর হয়। রাজনীতিকে জনস্বার্থের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে হবে।”
সম্মেলনে ১০০টি দেশের সংসদ সদস্যদের সঙ্গে বাংলাদেশের জাতীয় সংসদের প্রধান হুইপ আ স ম ফিরোজ, সদস্য মুহিবুর রহমান মানিক ও সানজিদা খানমও অংশ নেন।
দুটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে ১২ দিনের সফরে শুক্রবার যুক্তরাষ্ট্র ও জার্মানির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন শিরীন শারমিন।
আগামী ২১ এপ্রিল স্পিকারের দেশে ফেরার কথা রয়েছে।
এর আগে গত ২৩ মার্চ যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে ১৫ দিনের সফর শেষে দেশে ফেরেন শিরীন শারমিন।
