২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৈশাখের নামে আচরণবিধি ভঙ্গে রিটার্নিং কর্মকর্তার সতর্কতা

বাংলা নববর্ষ উদযাপনের নামে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হয় এমন কাজ থেকে বিরত থাকতে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন। 

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2015, 07:51 PM

Updated : 22 Aug 2022, 12:05 PM

সোমবার চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী সেলের প্রথম সমন্বয় সভা শেষে তিনি এ আহ্বান জানান।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বিজিবি, র‌্যাব, পুলিশ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সেনা মোতায়েন প্রসঙ্গে আবদুল বাতেন বলেন, “এখন এমন কোনো পরিস্থিতির উদ্ভব হয়নি যে সেনাবাহিনী প্রয়োজন হবে। নির্বাচনের এক সপ্তাহ আগে প্রয়োজন হলে তখন দেখা যাবে।”

গত ১১ এপ্রিল প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে মতবিনিময়ে কয়েকজন মেয়র ও কাউন্সিলর প্রার্থী নির্বাচনে সেনা মোতায়েনের দাবি তুললেও বিএনপি ও আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থীরা নিশ্চুপ ছিলেন।

ওই দিনের সভা শেষে সিইসি জানিয়েছিলেন, ১৯ এপ্রিল আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সঙ্গে বৈঠকের পরই সেনা মোতায়েনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সিইসির ওই দিনের বক্তব্য স্মরণ করিয়ে দেন রিটার্র্নিং কর্মকর্তা।

মঙ্গলবার বাংলা নববর্ষ উদযাপনের আড়ালে প্রার্থীরা বিধি ভঙ্গ করবেন না, এমনটাই আশা করেন আবদুল বাতেন।

তিনি বলেন, “নববর্ষ উদযাপনের আড়ালে কেউ যেন আচরণ বিধি লঙ্ঘন না করেন। প্রার্থী নিজে বা প্রার্থীর পক্ষে কেউ বৈশাখ উপলক্ষে টি-শার্ট বা কোনো ধরনের উপঢৌকন দিতে পারবেন না। প্রতীক বা প্রার্থীর নাম না দিয়ে উপহারও দেওয়া যাবে না।

“যদি বৈশাখে নির্বাচন না হত, তাহলে কী উপহার দিতেন? নির্বাচন না হলে যেভাবে নববর্ষ উদযাপন হত সেভাবেই করবেন। সীমা অতিক্রম করে এমন কিছু করবেন না যাতে আচরণ বিধি ভঙ্গ হয়।”

মেয়র প্রার্থী মনজুর আলম ও দুই কাউন্সিলর প্রার্থীর ক্যাম্প ভাংচুরের অভিযোগের বিষয়ে তিনি বলেন, “দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা ব্যবস্থা নিতে বলেছি। আশা করি নির্ধারিত সময়ের মধ্যেই তারা ব্যবস্থা নেবে।”

অতীত রেকর্ডের পাশাপাশি প্রার্থীদের বৈশিষ্ট্য, যেসব এলাকায় নিম্নআয়ের মানুষ বেশি, সংখ্যালঘু অধ্যুষিত এলাকা এবং সন্ত্রাসীদের আনাগোনা যেখানে বেশি- এসব বিষয় চিন্তা করে এবার ঝুঁকিপূর্ণ কেন্দ্র নির্ধারণ করা বলে জানান চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তা।

“১৯ এপ্রিল ঢাকায় তিন সিটির রিটার্নিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সভায় এসব তথ্য উপস্থাপন করা হবে।”

এক প্রশ্নের জবাবে আবদুল বাতেন জানান, যারা নগরীর বাইরে থেকে প্রচারে অংশ নিতে এসেছেন, তারা ২৬ এপ্রিল রাত ১২টায় আনুষ্ঠানিক প্রচার শেষ হওয়ার পর আর থাকতে পারেবন না।

বৈঠকে নির্বাচনের আগে, ভোটের দিন ও পরদিন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, দায়িত্ব সমন্বয়, আচরণবিধি ও আইন ভঙ্গের ক্ষেত্রে করণীয়সহ বিভিন্ন বিষয়ে বৈঠকে আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন র‌্যাব-৭ এর মেজর জাহাঙ্গীর আলম, বিজিবির উপ-অধিনায়ক মেজর তানভীর মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার নাইমুল হাসান, ডিজিএফআইয়ের উপ-পরিচালক শফিউল আহমদ প্রমুখ।