নওগাঁয় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু
নওগাঁর আত্রাই উপজেলায় ঝড়-বৃষ্টির সময় টেলিভিশন বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে, আহত হয়েছেন তাদের মেয়ে।
রোববার রাত ১০টার দিকে পারকাসুন্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে আত্রাই থানার ওসি আবদুল লতিফ খান জানান।
নিহতরা হলেন- মোজাম্মেল হক (৫২) ও তার স্ত্রী রেখা বেগম (৩৮)।
তাদের মেয়ে মোসলেমা খাতুনকে (১৮) রাতেই উপজেলা স্বাস্থ্যকেন্দ্র থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ওসি লতিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঝড়ের সময় কেবল টিভির তার বিদ্যুতায়িত হয়ে পড়ে। রেখা বেগম টিভি বন্ধ করতে গেলে তিনি বিদ্যুতায়িত হন। তাকে উদ্ধার করতে গিয়ে তার স্বামীও বিদ্যুতস্পৃষ্ট হন।
এ সময় তাদের কলেজ পড়ুয়া মেয়ে এগিয়ে গেলে তিনিও একইভাবে আহত হন।
এক পর্যায়ে বাড়ির অন্যরা টের পেয়ে আশপাশের লোকজন ডেকে এনে তিনজনকে উদ্ধার করে। তবে এরইমধ্যে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়।
মোসলেমাকে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে এবং সেখান থেকে পরে রাজশাহী মেডিকেলে পাঠানো হয় বলে জানান ওসি।
