২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ জ ম নাছিরের নির্বাচনী তোরণ অপসারণ

চট্টগ্রামের বাদামতলীতে আওয়ামী লীগসমর্থিত মেয়র প্রার্থী আ জ ম নাছির ও এক কাউন্সিলর প্রার্থীর পক্ষে স্থাপন করা নির্বাচনী তোরণ অপসারণ করেছে নিবার্চন কমিশন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2015, 09:24 PM

Updated : 22 Aug 2022, 12:04 PM

রোববার রাত ৮টার দিকে নগরীর আগ্রাবাদ বাদামতলী আরজু শাহ মাজার গেইট থেকে প্রায় ১৫ ফুট দৈর্ঘ্যের তোরণটি অপসারণ করেন চট্টগ্রাম আঞ্চলিক অফিসের কর্মকর্তারা।

সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. শফিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিটি করপোরেশন নিবার্চন আচরণ বিধিমালা অনুসারে কোনো প্রার্থীর পক্ষে নির্বাচনী তোরণ দেওয়া নিষিদ্ধ থাকায় এটি অপসারণ করা হয়েছে।

নাম প্রকাশ অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, ওই তোরণে আওয়ামী লীগসমর্থিত নাগরিক কমিটির মেয়র প্রার্থী আ জ ম নাছির উদ্দিনের এবং ২৮ নম্বর পাঠানটুলী ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবদুর কাদের ওরফে মাছ কাদেরের পক্ষে ব্যানার লাগানো ছিল।

মেয়রপ্রার্থী আ জ ম নাছির হাতি এবং কাউন্সিলর প্রার্থী আবদুল কাদের ঘুড়ি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

নিবার্চন আচরণ বিধিমালা অনুসারে নির্বাচনী প্রচারণাকালে কোনো প্রার্থী কোননো গেইট বা তোরণ বা ঘের নির্মাণ করতে পারবে না বা চলাচলের পথে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না।