রিমান্ডে যেতেই হবে রিজভীকে
হাই কোর্টের দেওয়া আদেশ আপিল বিভাগে স্থগিত হয়ে যাওয়ায় রিমান্ডে যেতেই হচ্ছে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে।
হাই কোর্ট রিজভীর রিমান্ড এক মাস স্থগিতের যে আদেশ দিয়েছিল প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চ রোববার রাষ্ট্রপক্ষের আবেদনে তা স্থগিত করে দেয়।
আদালতে রিজভীর পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদিন, রাষ্ট্রেপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির।
শেরেবাংলা নগর থানায় গত ১৮ জানুয়ারি দায়ের করা গাড়ি পোড়ানোর এ মামলায় ৩১ মার্চ রিজভীকে তিন দিনের রিমান্ডে পাঠায় হাকিম আদালত।
ওই আদেশের বিরুদ্ধে তিনি উচ্চ আদালতে গেলে ৫ এপ্রিল বিচারপতি মো. নুরুজ্জামান ও জাফর আহমেদের হাই কোর্ট বেঞ্চ রিমান্ডের আদেশ একমাসের জন্য স্থগিত করে দেয়।
রাষ্ট্রপক্ষ ওই আদেশ স্থগিতের আবেদন করলে চেম্বার বিচারক বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান।
আপিল বিভাগের আদেশের পর মোমতাজ উদ্দিন ফকির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাই কোর্ট রিমান্ড আদেশ স্থগিত করেছিল। হাই কোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। ফলে এ মামলায় রিজভীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে আইনগত কোনো বাধা নেই।”
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের অবরোধ-হরতালের মধ্যে বাড্ডা থানায় দায়ের করা এক মামলায় গত ১ ফেব্রুয়ারি থেকে গ্রেপ্তার আছেন রিজভী।
তিনি গাজীপুরের কাশিমপুর কারাগারে ছিলেন। তবে হাই কোর্টের আদেশের আগেই তাকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় পাঠানো হয়।
