সাত খুন: রানার জামিন শুনতে বিচারকের অপারগতা
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের মামলায় কারাবন্দি সাবেক র্যাব কর্মকর্তা এম এম রানার জামিন আবেদন শুনতে অপরাগতা জানিয়েছেন হাই কোর্টের এক বিচারপতি।
বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চে রোববার ওই আবেদন উঠলে এক বিচারপতি ব্যক্তিগত কারণ দেখিয়ে তা শুনতে অপরাগতা জানান।
রানার পক্ষে আইনজীবী এস এম আবুল হোসেন এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ আদালতে উপস্থিত ছিলেন।
পরে বশির উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাত খুনের দুই মামলায় রানার জামিন আবেদন ছিল। বেঞ্চের এক বিচারপতি ব্যক্তিগত অসুবিধার কারণে আবেদন শুনানিতে অপারগতা প্রকাশ করেছেন। পরে আদালত আবেদন অন্য বেঞ্চে নিতে বলেন।”
গত বছরের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জে কাউন্সিলর নজরুল ইসলাম এবং আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করে নেওয়ার তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে তাদের লাশ পাওয়া যায়।
ওই ঘটনার পর র্যাব-১১ এর সে সময়ের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মাহমুদ, মেজর আরিফ হোসেন এবং লেফটেন্যান্ট কমান্ডার এমএম রানাকে চাকরিচ্যুত করার পর তাদের গ্রেপ্তার করা হয়।
নদী থেকে তোলা হচ্ছে লাশ
ওই ঘটনায় নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি এবং চন্দনের জামাতা বিজয় কুমার পাল দুটি মামলা দায়ের করেন।
এ মামলায় কাউন্সিলর নূর হোসেন এবং র্যাবের সাবেক ওই তিন কর্মকর্তাসহ ৩৫ জনের বিরুদ্ধে গত ৮ এপ্রিল আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
সাবেক নৌ কর্মকর্তা রানা দুটি মামলায়ই জামিন চেয়ে গত ১৯ ফেব্রুয়ারি হাই কোর্টে আবেদন করেছিলেন বলে আইনজীবীরা জানান।
