শাহজালালে সাড়ে ৪ কেজি সোনাসহ নারী আটক
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়া ফেরত এক নারীর কাছ থেকে সাড়ে চার কেজির বেশি ওজনের কয়েকটি সোনার বার উদ্ধার করেছেন শুল্ক কর্মকর্তারা।
সোনাসহ আটক পলি রানী দাশ কুয়ালালামপুর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সকালে ঢাকা আসেন।
সকাল সোয়া ৮টার দিকে বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার আগে তাকে আটকানো হয় বলে বিমানবন্দর কাস্টমসের যুগ্ম কমিশনার কাজী জিয়া উদ্দিন জানান।
তিনি বলেন, পলির হাতব্যাগ তল্লাশি করে সোনার বারগুলো পাওয়া যায়। আধা কেজি ওজনের আটটি এবং ১০ গ্রাম ওজনের কয়েকটি সোনার বার ছিল তার কাছে।
এসব সোনার বর্তমান বাজার মূল্য প্রায় দুই কোটি ৩০ লাখ টাকা বলে জানান তিনি।
