২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মনজুরকে সর্তক করল নির্বাচন কমিশন

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপিসমর্থিত মেয়র প্রার্থী মনজুর আলমকে সতর্ক করেছে নির্বাচন কমিশন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2015, 10:25 PM

Updated : 22 Aug 2022, 12:04 PM

শনিবার এ বিষয়ে লিখিত জবাব দেওয়ার পর মনজুরকে ‘কঠোরভাবে’ সর্তক করেছেন রিটার্নিং কর্মকর্তা।

জবাবে মনজুর বলেছেন, মোটরসাইকেল শোভাযাত্রা ও মিছিল করে প্রচারণা সংক্রান্ত বিধির বিষয়ে তিনি জানতেন না।

শুক্রবার বিকালে নগরীর বিমান বন্দর সড়কে লালদিয়ার চর এলাকায় মোটর সাইকেল ও গাড়ি নিয়ে শোভাযাত্রা এবং মিছিল করে প্রচারণা শুরু করেন মনজুর আলম।

এর কয়েক ঘণ্টার মধ্যেই শুক্রবার রাতে সাড়ে ৮র দিকে মনজুর আলমকে এ বিষয়ে কারণ দর্শানোর নোটিস দেন রিটার্নিং কর্মকর্তা।

চট্টগ্রামের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. শফিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আচরণবিধি ভঙ্গের দায়ে তাকে অভিযুক্ত করে কেন ব্যবস্থা নেওয়া হবে না তা লিখিতভাবে জানাতে মনজুর আলমকে ২৪ ঘণ্টার সময় দেওয়া হয়েছিল।

“শনিবার তিনি লিখিত উত্তর দেন। লিখিত জবাবে মনজুর আলম দাবি করেন, এভাবে প্রচারণা করা যায় না সেটা তিনি জানতেন না। তাই ক্ষমা চেয়েছেন। আমরা তাকে কঠোরভাবে সর্তক করেছি। যাতে পরবর্তীতে এ ধরণের কোনো ঘটনা না ঘটে।”

শুক্রবার বিকালে বিএনপির শীর্ষ নেতা আবদুল্লাহ আল নোমান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, মাহবুবুর রহমান শামীম ও সামশুল আলমকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু করেন মনজুর।

একটি মিনি ট্রাক, ত্রিশটি মোটর সাইকেল ও বেশ কিছু গাড়ি এবং মিছিল সহকারে লালদিয়ার চর এলাকা থেকে শুরু হওয়া প্রচারণা চলে পতেঙ্গার বিজয় নগর পর্যন্ত।

এসময় মিছিল থেকে মনজুরের প্রতীক ‘কমলা লেবু’ ও ‘জিয়ার সৈনিক’ বলে স্লোগানও দেওয়া হয়।