‘গরিববান্ধব’ নগরী গড়ে তুলতে চান কাফি রতন
‘গরিববান্ধব’ নগরী গড়ে তুলতে কাফি রতনের পক্ষে ভোট চেয়েছেন সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।
শনিবার সকালে তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে দল সমর্থিত মেয়র প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেন।
সেলিম বলেন, “ঢাকায় সংখ্যালঘিষ্ঠ ধনীদের জন্য বিলাসের নানা সুযোগ-সুবিধা থাকলেও সংখ্যাগরিষ্ঠ গরিবের ন্যূনতম নাগরিক সুবিধা নেই।
“সংখ্যাগরিষ্ঠ মানুষের স্বার্থকে অগ্রাহ্য করে কোনো উন্নয়ন সম্ভব নয়। গরিব মানুষের জন্য বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে হবে। তাই গরিব মানুষের স্বার্থ রক্ষায় কাফি রতনকে হাতি মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করতে হবে।”
প্রতীক বরাদ্দ পাওয়ার পর প্রথম দিনের প্রচারণায় রায়েরবাজার কমিউনিটি সেন্টার, রায়েরবাজার পৌরবাজার, শেরে বাংলা রোডসহ ৩৩ ও ৩৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে প্রচার চালান কাফি রতন।
তিনি বলেন, “তিলোত্তমা ঢাকার নাম করে ধনী মানুষের স্বার্থে ঢাকাকে গড়ে তোলা নয়, গরিব মানুষের নাগরিক অধিকার বাস্তবায়নের ঢাকা গড়ে তুলতে চাই। গরিব মানুষের স্বার্থে কাজ করে যেতে চাই।”
সকালে প্রচার চালানোর পর বিকালে মিরপুরের ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ে সাবেক ছাত্রনেতাদের সঙ্গে মতবিনিময় করেন যুব ইউনিয়নের সভাপতি কাফি রতন।
এতে উপস্থিত ছিলেন শিশুসাহিত্যিক আখতার হুসেন, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি রুহিন হোসেন প্রিন্স, আসলাম খান ও হাসান হাফিজুর রহমান সোহেল, সাবেক ছাত্রনেতা সাজেদুল হক রুবেল, জিলানী শুভ প্রমুখ।
