ধূপখোলায় খোকন, সেগুনবাগিচায় আব্বাসের স্ত্রী
প্রতীক পেয়ে ভোট চাইতে পুরান ঢাকার ধূপখোলায় প্রচার শুরু করেছেন সাঈদ খোকন। তার প্রতিদ্বন্দ্বী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস নেতাকর্মীদের নিয়ে গেছেন সেগুনবাগিচায়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এই দুই মেয়র প্রার্থীর পক্ষে শনিবার সকালেই প্রচার শুরু হয়।
আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী খোকন ভোটারদের দ্বারে গেলেও নাশকতাসহ বিভিন্ন মামলার আসামি মির্জা আব্বাসের ক্ষেত্রে তা হয়নি। গত কয়েক মাস ধরে প্রকাশ্যে দেখা যায়নি বিএনপির মহানগরের আহ্বায়ক আব্বাসকে।
প্রচারণা শুরু হওয়ার পর থেকেই স্বামীর পক্ষে ভোট চাইছেন আফরোজা আব্বাস।
তবে প্রতীক আসার পর প্রচারণায় এসে স্বামীর প্রত্যক্ষ উপস্থিতির অভাবের কথা বললেন তিনি।
“মির্জা আব্বাস আর আমি এক জিনিস নই। এরপরেও আমি ব্যাপক মানুষের সমর্থন পাচ্ছি। তবে মানুষ প্রার্থীকে দেখতে চায়,” বলেছেন তিনি।
শুক্রবার রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের প্রতীক দিয়েছেন। তাতে প্রত্যাশিত ইলিশ মাছ পেয়েছেন খোকন; তার বাবা প্রয়াত মোহাম্মদ হানিফও মাছ প্রতীকে মেয়র হয়েছিলেন। আর প্রত্যাশিক হাতি প্রতীক না পাওয়ায় ‘মগ’ বেছে নিয়েছেন মির্জা আব্বাসের প্রতিনিধিরা।
মির্জা আব্বাস প্রকাশ্যে না আসায় বাড়তি সুবিধা পাবেন না বলে মনে করেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খোকন।
তিনি বলেন, “সরকার বলেছে, তারা একটি প্রতিযোগিতামূলক নির্বাচন করতে চায়। সেটা করতে হলে আমাদের প্রার্থী মির্জা আব্বাস ও অন্যান্য কাউন্সিলর প্রার্থী এবং আমাদের জন্য যারা কাজ করবে তাদের জামিনে মুক্তি দিতে হবে।”
‘পালিয়ে’ না থেকে জামিনের জন্য মির্জা আব্বাসকে আদালতে যাওয়ার পারমর্শ দিয়েছেন তার প্রতিদ্বন্দ্বী সাঈদ খোকন।
তিনি বলেন, “কারও বিরুদ্ধে হত্যাকাণ্ড বা অন্য কোনো অভিযোগ যদি থাকে তাহলে তিনি পালিয়ে না বেড়িয়ে আদালতে আইনের আশ্রয় নিতে পারেন। আদালতের দ্বার উন্মুক্ত।
“কোনো অভিযোগে পালিয়ে বেড়ানো শুভবুদ্ধি সম্পন্ন লোকের কাজ হতে পারে না। সাধারণ মানুষ এটা ভালো চোখে দেখে না।”
মির্জা আব্বাস গত সপ্তাহে জামিনের জন্য হাই কোর্টে গেছেন বলে জানান তার স্ত্রী।
তবে মির্জা আব্বাস প্রচারে না আসলেও স্বামীর জয়ের ব্যাপারে আশাবাদী আফরোজা।
“যদি মির্জা আব্বাস নাও থাকেন এবং প্রধানমন্ত্রী যদি তার প্রার্থীর পক্ষেও ভোট চান তাহলেও সুষ্ঠু নির্বাচন হলে মানুষ ব্যালটের মাধ্যমে জবাব দিবে।”
এরপর সেগুনবাগিচা ও তোপখানা রোড এলকায় প্রচার চালান মির্জা আব্বাসের সহধর্মিনী।
ধূপখোলায় ৪৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ের সামনে পথ সভা করে পুরান ঢাকার বিভিন্ন এলাকায় প্রচারণা চালাচ্ছেন সাঈদ খোকন।
