২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

যশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2015, 10:07 AM

Updated : 22 Aug 2022, 12:04 PM

একদল গরু ব্যবসায়ী শনিবার ভোরে বেনাপোলের দৌলতপুর সীমান্ত দিয়ে অবৈধপথে গরু নিয়ে বাংলাদেশে ঢোকার পথে বিএসএফ তাদের ওপর গুলি চালায় বলে বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন।

নিহত  আকু (২৯) বেনাপোলের পুটখালী গ্রামের আজিজুল ইসলামের ছেলে এবং শান্ত (৪৫) একই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। আহতদের পরিচয় জানা যায়নি। 

খুলনা ২৩ বিজিবির দৌলতপুর ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আমজাদ হোসেন জানান, একদল গরু ব্যবসায়ী ভোরে ভারত থেকে গরু নিয়ে ফিরছিলেন। এ সময় দৌলতপুর সীমান্তের বিপরীতে ভারতের ঘোনার মাঠ এলাকায় তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে বিএসএফ সদস্যরা।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

তাদের গুলিতে আকু ও শান্তসহ কয়েকজন গুরুতর আহত হন। সঙ্গীরা তাদের উদ্ধার করে আনার পথে বেনাপোলের কাগজপুকুর এলাকায় শান্ত মারা যান। আর আাকুকে নাভারন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাগজপুর থেকে শান্তর লাশ উদ্ধার করে বেনোপোল থানায় নেওয়া হয়েছে বলে পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানিয়েছেন।

আকুর লাশ তাদের বাড়িতে নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন,  দুজনের লাশই ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

আহতদের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।