জেমকন সাহিত্য পুরস্কার পেলেন বিডিনিউজ২৪ এর রুবাইয়াৎ
এ বছরের ‘জেমকন তরুণ কথা সাহিত্যিক’ পুরস্কার পেয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ সহ-সম্পাদক রুবাইয়াৎ আহমেদ।
‘একজন সাব-এডিটরের কতিপয় ছেঁড়াখোঁড়া দিন’ উপন্যাসের পাণ্ডুলিপির জন্য এই পুরস্কার পেলেন তিনি।
আর ‘ইমিগ্রেশন’ উপন্যাসের জন্য এবারের জেমকন সাহিত্য পুরস্কার পেয়েছেন সালমা বাণী।
শুক্রবার বিকালে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে পুরস্কারজয়ী দুই লেখকের হাতে সম্মাননা ক্রেস্ট, সম্মাননাপত্র ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।
অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে কথা সাহিত্যিক হাসান আজিজুল হক, কবি মুহম্মদ নূরুল হুদা, ভারতের কথা সাহিত্যিক দেবেশ রায় ও রবিশংকর বল, কবি আসাদ চৌধুরী, কথা সাহিত্যিক জাকির তালুকদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ, ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ও জেমকন সাহিত্য পুরস্কার পর্ষদের সদস্য সচিব শামীম রেজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সালামা বাণীর হাতে নগদ পাঁচ লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেন উপস্থিত বিশিষ্ট সাহিত্যিকরা। ক্রেস্ট ও সম্মাননাপত্রের সঙ্গে রুবাইয়াৎকে দেওয়া হয়েছে নগদ এক লাখ টাকা।
সামলা বাণীর জন্য লেখা সম্মাননাপত্র পড়ে শোনান আসাদ চৌধুরী। আর রুবাইয়াৎ এর সম্মাননাপত্র পড়েন রবিশংকর বল।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রুবাইয়াৎ বলেন, “স্কুলে পড়ার সময় আমার বড় বোনের লেখা ছড়ার প্রশংসা শুনে আমার মাঝেও প্রশংসা পাওয়ার বাসনা জাগে।
“আমিও চেষ্টা করি লিখতে, লিখিও; দেখতে পাই আমারও কপালে প্রশংসা জুটছে- এভাবে শুরু।
“এই জীবনে ট্রাফিক পুলিশ, পাইলট, মেজর, মেরিন ইঞ্জিনিয়ার, ক্রিকেটার- কত কিছুই না হতে চেয়েছি। কিন্তু পরিণত বয়সে লেখক ছাড়া আর কিছুই হতে চাইনি, চাইও না।”
লেখক হতে গিয়ে ‘পরিবারের বিরাগভাজন’ হতে হয়নি বলে নিজেকে ‘ভাগ্যবান’ মনে করেন রুবাইয়াৎ।
ঢাকা থিয়েটারের সঙ্গে যুক্ত রুবাইয়াৎ এ পর্যন্ত নয়টি নাটকের নির্দেশনা দিয়েছেন। তার হাত দিয়ে এসেছে নাটক, গল্প, অনুবাদ, প্রবন্ধ, কবিতা ও গবেষণা বিষয়ক দশটি বই। বিভিন্ন সাময়িকী ও ছোটকাগজেও নিয়মিত লিখছেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ থেকে স্নাতকোত্তর করার পর চলচ্চিত্র বিষয়ে পিএইচডি করেছেন তিনি।
রুবাইয়াৎ বলেন, “এই পুরস্কার অর্জনের আগে আমি লেখক হওয়ার চেষ্টা করেছি, এরপরেও করে যাব। মাঝখান দিয়ে এটি এক ঝলক ভাল লাগার পরশ ছুঁইয়ে দিল।”
জেমকন সাহিত্য পুরস্কার নেওয়ার পর সালমা বাণী বলেন, “যে কোনো পুরস্কার আনন্দের, অনুপ্রেরণার। মনে হচ্ছে প্রচেষ্টাটা কিছুটা করেছি, তবে এখনও সেই পর্যায়ে যাওয়া হয়নি।”
অনুষ্ঠানে জেমকন গ্রুপের পরিচালক কাজী আনিস আহমেদ বলেন, এই পুরস্কার সৃষ্টিশীল লেখকদের প্রেরণা যোগাবে বলে তার বিশ্বাস।
এর আগে হাসান আজিজুল হক (২০১৪), পারভেজ হোসেন (২০১১), ওয়াসি আহমেদ (২০১০), নির্মলেন্দু গুণ (২০০৯), সেলিম আল দীন (২০০৮), সৈয়দ শামসুল হক (২০০৭), সৈয়দ মনজুরুল ইসলাম (২০০৬), শহিদুল জহির (২০০৪) ও মামুন হুসাইন (২০০৩) জেমকন সাহিত্য পুরস্কার পান।
আর জেমকন তরুণ সাহিত্য পুরস্কার পেয়েছেন- প্রশান্ত মৃধা, সমীর আহমেদ, জাকির তালুকদার, সাদ কামালী, হুমায়ুন মালিক, সাকিরা পারভীন, সামলা বাণী, মাহবুব মোর্শেদ, নাসিমা আনিস, হামীম কামরুল হক, তপন বাগচী, শাজান শীলন, এমরান কবির, মুম রহমান, আনিফ রুবেদ, মেহেদী উল্লাহ ও আফসানা বেগম।
