ঢাবি ভিসির স্বাক্ষর জাল: ছাত্রলীগ নেতাসহ ৩ ছাত্র বহিষ্কার
ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের স্বাক্ষর জাল করার ঘটনায় ছাত্রলীগের এক নেতাসহ তিন শিক্ষার্থীকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে জনসংযোগ দপ্তরের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন- সংগীত বিভাগের মাস্টার্সের ছাত্র দেবাশীষ শিকদার সিদ্ধার্থ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মাস্টার্সের মো. আবু দাউদ ও আরবী বিভাগের ১ম বর্ষের মাহমুদুল হাসান। সিদ্ধার্থ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক।
ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের প্রথম শ্রেণিতে দুই শিক্ষার্থীকে ভর্তির করার জন্য ৮০ হাজার টাকার বিনিময়ে অভিভাবকদের সঙ্গে ছাত্রলীগ নেতা সিদ্ধার্থের চুক্তি হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সুপারিশ নিয়ে বৃহস্পতিবার সকালে শিক্ষার্থী ও অবিভাবকসহ স্কুলে যায় সিদ্ধার্থ।
কিন্তু ভর্তির সুপারিশে স্বাক্ষর দেখে প্রিন্সিপালের সন্দেহ হলে তিনি উপাচার্যকে বিষয়টি অবহিত করলে উপাচার্য তাকে জানিয়ে দেন তিনি সুপারিশ করেননি।
পরে ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এ এম আমজাদের মাধ্যমে সিদ্ধার্থ ও তিন অভিভাবককে শাহবাগ থানা পুলিশে দেওয়া হয়।
বিবৃতিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কর্তৃক এ ধরণের অপরাধ সংঘটিত করা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ক্ষুণ্ন করে যা শৃঙ্খলা ও আইনের পরিপন্থী। অসদুপায় অবলম্বন করায় উল্লিখিত ছাত্রদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রক্টরিয়াল বিধি ৫(২) ধারা অনুযায়ী সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
এদিকে ঘটনার পর দেবাশীষ শিকদার সিদ্ধার্থকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে বলে ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক কামরুজ্জামান সালামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
