২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যু

ঝড়ে ছিঁড়ে পড়া তার মেরামতের সময় বিদ্যুতায়িত হয়ে বগুড়া বিদ্যুৎ অফিসের এক লাইনম্যানের মৃত্যু হয়েছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2015, 06:28 PM

Updated : 22 Aug 2022, 12:03 PM

বগুড়া সদর থানার ওসি আবুল বাশার জানান, বৃহস্পতিবার সকালে শহরের ফুলবাড়ি এলাকার পানি উন্নয়ন বোর্ডের সামনে এ ঘটনা ঘটে।

মৃত মোহাম্মদ শহীদুল ইসলাম (৩০) শহরের ফুলবাড়ি উত্তরপাড়ার আব্দুস সামাদের ছেলে।

উজ্জ্বল নামে ফুলবাড়ি এলাকার এক চা বিক্রেতা বলেন, সকালে পানি উন্নয়ন বোর্ডের সামনের একটি খুঁটিতে ঝড়ে বিচ্ছিন্ন হওয়া বিদ্যুৎ সংযোগের কাজ করছিলেন শহীদুল।

এ সময় সময় হঠাৎ করে বিদ্যুতায়িত হয়ে তার শরীর ঝলসে যায় এবং তিনি মাটিতে পড়ে যান। ওই সময় তার নাক ও মুখ দিয়ে রক্ত ঝরতে থাকে।

স্থানীয়রা উদ্ধার করে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান উজ্জ্বল।

কাজ করার সময় বিদ্যুৎ সংযোগ বন্ধ না করার কারণে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়রা অভিযোগ করছেন।

বগুড়া বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তাপস কুমার নিয়োগী জানান, শহিদুল কাজ করার সময় ওই লাইনে বিদ্যুৎ না থাকলেও তার পাশের লাইনে বিদ্যুৎ ছিল। অসাবধানতায় বিদ্যুৎ থাকা লাইনের স্পর্শে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।