ভুবন চিলের তিনটি ছানা
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঝড়ের সময় বাসা থেকে ছিটকে পড়া ভুবন চিলের তিনটি ছানা ঠাঁই পেয়েছে একটি বন্যপ্রাণী সংরক্ষণ প্রতিষ্ঠানে।
স্থানীয়রা জানান, বুধবার রাতে কালবৈশাখী ঝড়ের সময় উপজেলার কালিঘাট চা বাগানের একটি উঁচু গাছের বাসা থেকে এ তিনটি চিলছানা পড়ে যায়।
বৃহস্পতিবার ছানাগুলো শ্রীমঙ্গলের রুপশপুরে ‘বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে’ আনা হয়। এরপর থেকে সেখানেই আছে।
ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ দেব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের কালিঘাট রোডের ফটো স্টুডিও ব্যবসায়ী ফখরুল আলমের কাছে বিলুপ্তপ্রায় পাখি ভুবন চিলের তিনটি ছানা বিক্রি করতে আনে এক চা শ্রমিক।
স্টুড়িও মালিক ফখরুল পাখি ধরা ও বেচাকেনা আইনত নিষিদ্ধ বলে জানালে ওই শ্রমিক ভয়ে পাখির ব্যাগটি ফেলে পালিয়ে যান।
পরে তার কাছ থেকে খবর পেয়ে ‘১০/১২ দিন বয়সের ভুবন চিলের’ ছানা তিনটি উদ্ধার করে নিয়ে আসেন বলে জানান সিতেশ দেব।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পশু-পাখি সেবাশ্রমে ছানাগুলোর সেবা-শুশ্রূষা চলছে। খাবার হিসাবে প্রতিদিন ৩/৪ বার ছানাগুলোকে মুরগীর মাংশ ও কলিজা দেওয়া হচ্ছে।
সিতেশ দেব আরও বলেন, “এগুলো ‘ভুবন চিল’ প্রজাতির। বিলুপ্তপ্রায় এ প্রজাতির চিল ঊর্ধ্বাকাশে উড়ে বেড়ায়। সংরক্ষিত বনে পশুপাখির বাসা তৈরির উপযোগী গাছপালা না থাকায় চা বাগানে এসে বাসা বেঁধেছিল।”
ছানাগুলোর আকাশে ওড়ার উপযোগী হতে তাদের আরও মাসখানেক সময় লাগতে পারে। এরপর মুক্ত বাতাসে ভুবল চিলের এ তিন ছানাকে ছেড়ে দেওয়া হবে বলে তিনি জানান।
