দুদল শিক্ষকের সংঘর্ষে ছাত্র আহত
ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার একটি বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদ নিয়ে দুদল শিক্ষকের সংঘর্ষে দুই ছাত্র ও তিন শিক্ষকসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে এ ঘটনার পর ক্ষুব্ধ ছাত্ররা বিদ্যালয়ে ব্যাপক ভাংচুর চালায়।
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।
আহত অষ্টম শ্রেণির ছাত্র মো. রিফাতকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু বকরকে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ করা নিয়ে শিক্ষকরা দুদলে বিভক্ত হয়ে পড়েছেন।
সহকারী প্রধান শিক্ষক মোস্তফা কামালও নিজেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দাবি করেন।
এই নিয়ে দুই পক্ষের শিক্ষকদের মধ্যে ইটপাটকেল ছোড়াছুড়ি শুরু হয়।
“এ সময় ইটের আঘতে দুই ছাত্র ও তিন শিক্ষক আহত হন।”
ওসি জানান, ছাত্র আহত হওয়ার পর ছাত্ররা বিক্ষুব্ধ হয়ে বিদ্যালয়ে ব্যাপক ভাংচুর চালায়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।
বেলা ১১টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসে বিদ্যালয় ছুটি ঘোষণা করেন এবং শিক্ষক আবু বকরকে জিজ্ঞাসাবাদের জন্য তার কার্যালয়ে ডেকে নিয়ে যান বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
