২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরে দাঁড়ালেন কবরী

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদের ভোটের লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন আওয়ামী লীগের সাবেক সাংসদ অভিনেত্রী সারাহ্ বেগম কবরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2015, 04:00 PM

Updated : 12 Oct 2022, 03:32 PM

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন বৃহস্পতিবার বিকালে আগারগাঁওয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তিনি মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জমা দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে এ পদক্ষেপ নিয়েছেন বলে জানান তিনি।

এর আগে গুলশানে নিজের বাসায় কবরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের প্রতি সম্মান রেখে দেশ ও দলের স্বার্থে মনোনয়নপত্র প্রত্যাহার করছি।

“প্রধানমন্ত্রীকে ভালোবাসি বলেই তো সারেন্ডার করলাম। না হলে তো বিদ্রোহী প্রার্থী হতাম। রাজনীতি অনেক কঠিন জায়গা। যদি দল থেকে সাহায্য না করা হয় তবে টিকে থাকা কঠিন।”

প্রার্থিতা ‘প্রত্যাহার করতে হওয়ায়’ কষ্ট পেয়েছেন জানিয়ে আওয়ামী লীগের সাবেক এই সাংসদ বলেন, “আমি যোগ্য প্রার্থী ছিলাম। অনেক আশা করে নির্বাচন করতে চেয়েছিলাম। তাই কষ্ট পেয়েছি।”

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কারণ জানতে চাইলে তিনি বলেন, “প্রধানমন্ত্রী সরাসরি কোনো নির্দেশ দেননি। কিন্তু হালকা করে বলেছেন। তিনি আমার চেয়ে অনেক অভিজ্ঞ, প্রাজ্ঞ, আরও অনেকদিন ধরে রাজনীতি করছেন। তাই তিনি কিছু একটা ভেবেই আমাকে বলেছেন…বুঝিয়েছেন।”

ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে ব্যবসায়ী আনিসুল হককে সমর্থন দিয়েছে আওয়ামী লীগ।

দল সমর্থিত প্রার্থী হিসেবে নেতাদের সঙ্গে তাকে পরিচয় করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

কবরী সরে দাঁড়ানোয় এই সিটি করপোরেশনে মেয়র পদে লড়াইয়ে আওয়ামী লীগের আর কোনো নেতা থাকলেন না।

ঢাকা-১৬ আসনের সাংসদ ইলিয়াস মোল্লার ভাই আওয়ামী লীগের এখলাস উদ্দিন মোল্লা উত্তর থেকে মেয়র পদের মনোনয়নপত্র নিলেও শেষ পর্যন্ত জমা দেননি।