২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যার পর নয়: মন্ত্রী

পহেলা বৈশাখে নববর্ষের সব অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করতে বলেছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2015, 11:46 PM

Updated : 22 Aug 2022, 12:03 PM

পহেলা বৈশাখ সুষ্ঠুভাবে উদযাপনে বুধবার সচিবালেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের নিয়ে সভার পর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এই তথ্য জানান।

তিনি বলেন, “মূলত সন্ধ্যা ৬টার পর সমস্ত অনুষ্ঠান যেন শেষ হয়ে যায় সে লক্ষ্য রাখব। সন্ধ্যা ৬টার পরে কোনো অনুষ্ঠানই আমরা এনকারেজ করব না।”

সারা দেশে পহেলা বৈশাখ সুষ্ঠুভাবে উদযাপনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জেলা প্রশাসকদের সব ধরনের সহযোগিতা দেবে বলেও জানান কামাল।

তিনি বলেন, “সবাই নির্বিঘ্নে যেন বৈশাখী উৎসব করতে পারে সেই ব্যবস্থা নেওয়া হবে। এজন্য যা যা করার সবই করা হবে।”

আইজিপি, ডিএমপি কমিশনার, বিজিবি ও আনসার বাহিনীর প্রধান ছাড়াও অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, ঢাকা সিটি করপোরেশন এবং সেবামূলক বিভিন্ন সংস্থার প্রতিনিধিরাও সভায় উপস্থিত ছিলেন।